শাবিতে ছাত্রীর সঙ্গে অসদাচরণ, বিচার দাবিতে প্রক্টর কার্যালয়ে তালা
অফিস চলাকালে প্রক্টর কার্যালয়ের কর্মচারীদের বের করে দিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী।
যৌন হয়রানির শিকার এক নারী শিক্ষার্থীর সঙ্গে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগ তুলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে তালা দিয়েছেন একদল শিক্ষার্থী।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে অফিস চলাকালে প্রক্টর কার্যালয়ের কর্মচারীদের বের করে দিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, “ছাত্রছাত্রীদের কোনো অভিযোগ থাকলে সেটি সঠিক পন্থায় উপস্থাপন করতে পারেন তারা। কিন্তু প্রক্টর অফিসে তালা দেওয়া গ্রহণযোগ্য নয়।”
প্রক্টরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব রিয়াজ রিমন বলেন, “প্রক্টরের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীদের প্রটোকল দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা, এক শিক্ষার্থীকে না জানিয়ে জরিমানা করে সেই অর্থ আত্মসাতের চেষ্টা এবং এক নারী শিক্ষার্থীর শারীরিক গঠন নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগ আছে।
“এ ছাড়া বুধবার বিচার চাইতে আসা এক শিক্ষার্থীকে উল্টো হয়রানি এবং সেবা নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি।”
প্রক্টরের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের পর প্রক্টর তার দায়িত্বে থাকার নৈতিকতা হারিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, “প্রক্টরের বিরুদ্ধে উপাচার্যের কাছে অনেকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো সমাধান পায়নি। বর্তমান প্রশাসনের কাছেও প্রক্টরের বিরুদ্ধে ওঠা এক লাখ টাকার অভিযোগের তদন্ত চেয়েছিলাম। কিন্তু সেটা তদন্তে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন।
“আমরা প্রক্টরের পদত্যাগ চাই না। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রতিবেদন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি যেন দায়িত্ব পালন না করেন, সেটিও আমাদের দাবি।”
বুধবার সিলেটের আম্বরখানা এলাকায় একটি খাবারের আউটলেটের এক বিক্রয়কর্মীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে।
এ ঘটনায় সহায়তা চেয়ে প্রক্টর মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন বলে অভিযোগ ছাত্রশক্তির নেতা রিয়াজ রিমনের।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “গতকাল বিচার নিয়ে একটি মেয়ের অসন্তুষ্টির বিষয়টি বসে সমাধান হয়েছে। এখন আজকে কেন তারা তালা মারল আমি জানি না।
“তাদের যদি কোনো অভিযোগ থাকে, সেটার জন্য তদন্ত কমিটি হবে। তদন্তের আলোকে যথাযথ পদক্ষেপের জন্য সুপারিশ করবে কমিটি।”
