২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, তোপের মুখে দুঃখপ্রকাশ

এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 04:31 PM

Updated : 20 Nov 2026, 04:31 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও তোপের মুখে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। পাশাপাশি দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল।

বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টা পর্যন্ত হলে উত্তেজনা বিরাজ করে।

মারধরের শিকার দেবজয় সরকার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র। তিনি হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সর্বশেষ কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের ১২ জুলাই ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দেবজয় অর্থনীতি বিভাগের ফুটবল দলেরও অধিনায়ক।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে হল শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লোহার রড, ক্রিকেট স্টাম্প ও লাঠিসোঁটা নিয়ে হলে আসে। এ সময় হল শাখা ছাত্রদলের সহসভাপতি সাব্বির হোসেন কক্ষ থেকে দেবজয়কে ডেকে বের করেন। এরপর তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে মারধর করতে করতে হলের তৃতীয় ব্লক থেকে হল ফটকের দিকে নিয়ে যাওয়া হয়। পরে হল শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবীরসহ কয়েকজন তাকে হল গেস্টরুমে নিয়ে যান। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে দেবজয়ের বিভাগ ও হলের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। তারা হল প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেন। রাত সোয়া ১২টার দিকে হলে যান প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীরা ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা দফায় দফায় প্রাধ্যক্ষের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

পরে রাত সাড়ে ৩টার দিকে হল প্রশাসন, অর্থনীতি বিভাগের শিক্ষক, শাখা ছাত্রদলের সভাপতি ও শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমদ রাহী এ ঘটনায় দুঃখপ্রকাশ করেন।

ঘটনাস্থলে উপস্থিত অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “দেবজয় একসময় হলে ওঠার জন্য ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে তিনি কোনো ধরনের বলপ্রয়োগ বা শিক্ষার্থী নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বিভাগের ফুটবল দলের অধিনায়ক এবং হলের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। দেবজয়ের ওপর হামলার বিচার চাই।”

মারধরের শিকার দেবজয় সরকার বলেন, “তখনকার প্রেক্ষাপটে হলে ওঠার জন্য আমি রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। তবে হলে বৈধ আসন পাওয়ার পর সক্রিয় ছিলাম না। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। হল ও বিভাগের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়েই সময় কাটাই। মিথ্যা অভিযোগে আমাকে মারধর করা হয়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে হল শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনকে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, “একটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে। তদন্তে ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি ভিডিও বিশ্লেষণ করে পুরো ঘটনা তদন্ত করবে। শনিবার উপাচার্যের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”