২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নাটোরে হামলার ১২ দিন পর আহত ছাত্রদল নেতার মৃত্যু

তিনি ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নাটোরে হামলার ১২ দিন পর আহত ছাত্রদল নেতার মৃত্যু

শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 12:02 AM

Updated : 27 Oct 2026, 12:17 AM

নাটোরের গুরুদাসপুর উপজেলায় হামলায় আহতের ১২ দিন পর ছাত্রদলের সেই নেতা মারা গেছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

নিহত শাকিল ইসলাম (৩০) গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

এর আগে ১৪ অক্টোবর রাত ১০টার দিকে শাকিল হামলার শিকার হন বলে জানান গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান।

শাকিলের মৃত্যুর খবর পাওয়ার পর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারে ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ জানায়, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা চালায়। এ সময় দুটি গুলি করা হয়।

পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে শাকিলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। ১২ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েন শাকিল।

ওসি আব্দুল হান্নান বলেন, হামলার ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

শাকিলের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর প্রতিবাদ জানানো হবে।

নাটোরে গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতা