১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় ভাঙচুর-আগুন

“দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি,” বলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 12:17 AM

Updated : 16 Nov 2026, 12:24 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতাকর্মীদের বাসভবন, কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।

রোববার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০টি জায়গায় ভাঙচুর ও আগুনের অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতাদের।

এসব ঘটনার ব্যাপারে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী রাতে বলেন, “দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। কিন্তু এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।”

স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ২টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় তারা।

এরপর বিকাল সাড়ে ৩টার দিকে একটি মিছিল থেকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বিকাল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিকাল ৫টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপির সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময় টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

পরে রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতি বাজারের বাসভবন ভাঙচুর করে পুড়িয়ে দেয়। একই সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়ি ভাঙচুর করা হয়।

এরপর সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগ করা হয়।

ভাঙচুর-অগ্নিসংযোগের ব্যাপারে জানতে চাইলে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের বাড়িঘর ভাঙবে, পুড়িয়ে দেবে! আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।”

শনিবার বিকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ওই দিন রাতে কুশলী ইউনিয়নের বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

পুরনো খবর:

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
গোপালগঞ্জে জানমাল রক্ষায় সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী: সংবাদ সম্মেলনে পুলিশ-বিজিবি
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদল কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল নিক্ষেপ, গ্রেপ্তার ৮