১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

বিএনপি সমর্থিত কিছু লোকের দোকানপাটও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 11:04 AM

Updated : 15 Nov 2026, 11:04 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলেও অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে ও রাত ৮টায় উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি বাজারে ও কুশলী ইউনিয়ন নিলফা বাজারে এসব ঘটনা ঘটে।

পরে রাত ১০টায় পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও একটি মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, “বিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে বর্নি বাজারে এসে যুবদলের কার্যালয়টি ভাঙচুর করে। তারা অফিসের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল ভাঙচুর করে তান্ডব চালায়।”

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা বলেন, শনিবার বিকালে বর্নি ইউনিয়নের বর্নি মধ্যেপাড়া বিশ্বাসবাড়ি থেকে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বর্নি বাজারে গেলে নেতাকর্মীরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ গাজীর কার্যালয় ভাঙচুর করে। এছাড়া পুরো বর্নি এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের টাঙানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে।

পরে রাত ৮টার দিকে লাঠিসোটা নিয়ে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে নিলফা বাজারের বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা।

তখন বিএনপি সমর্থিত কিছু লোকের দোকানপাটও ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় প্রায় আধাঘণ্টা সড়কে যানচলাচল বন্ধ ছিল।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা বলেন, “শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তাণ্ডব চালিয়ে নিলফা বাজারের বিএনপির কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতাকর্মীরা।

“তাদের এমন তাণ্ডবে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানাই।”

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, "টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ”

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।