গোপালগঞ্জে জানমাল রক্ষায় সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী: সংবাদ সম্মেলনে পুলিশ-বিজিবি
বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে এই সংবাদ সম্মেলন হয়।
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনভর মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ ও বিজিবি।
রোববার বিকাল সোয়া ৪টার গোপালগঞ্জ সার্কিট হাউসে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবি যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এবং পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় বিজিবি কমান্ডার বলেন, “উদ্ভুত পরিস্থিতিতে গোপালগঞ্জে ১০ নভেম্বর ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রোববার নতুন করে আরও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন ছয় প্লাটুন বিজিবির মোট সদস্য সংখ্যা ১৫০ জন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।”
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান বলেন, “জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওয়ের মত পরিস্থিতি তৈরি করেছিলো। নাশকতামূলক কাজ করতে তারা উদ্যত হচ্ছিল। অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি তাদেরকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা জেলায় কোনো ধরনের নাশকতামূলক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবো।”
পরে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশের সদস্য মোতায়েন করা হয়। এখানে আমাদের পুলিশ ফোর্স, এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।
“জেলায় ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তাই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পর্যাপ্ত সংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন করা হয়। যার পরিপ্রেক্ষিতে এক মিনিটের জন্যও ন্যশনাল হা্ইওয়ে বন্ধ ছিল না। ন্যাশনাল হাইওয়ের নিরাপত্তা আমরা রক্ষা করি।”
ডিআইজি বলেন, “গোপালগঞ্জ সদর ছাড়াও চারটা পৌরসভা ও উপজেলা শহরে পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল। যে কারণে সাধারণ জনগণের নিরাপত্তা আর সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়। গোপালগঞ্জ মূল শহরে পর্যাপ্ত অফিসার্স ও ফোর্স মোতায়েন ছিল। জননিরাপত্তা, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা সুরক্ষায় আমরা কাজ করেছি। গোপালগঞ্জে কোনো ধরনের ভাঙচুর ও ক্ষতি ব্যাতিরেকে আমরা দায়িত্ব পালন করেছি। এখানে জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে মেতায়েন করা হয়েছে।”
তিনি বলেন, “হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রতিদিনই আমরা পরিবর্তন করছি। আগামী দিনের জন্য সরকারি স্থাপনা, জানমাল ও জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যা যা করণীয়, আমরা পুলিশের পক্ষ থেকে সেটা করে যাব।”
