১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা

এ মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে দেওয়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 12:11 AM

Updated : 14 Nov 2026, 12:11 AM

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই হাজার ২২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় এক হাজার ৫০০ থেকে দুই হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি।

মামলার বিবরণে বলা হয়েছে, মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ ও পুলিশের গাড়ির পথরোধ করে ঘিরে ফেলে। এ সময় পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ঘিরে ধরে দেশি অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। হামলাকারীরা গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। তাদেরকে চলে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়।

তবে অনুরোধ উপেক্ষা করে হামলাকারীরা মারমুখী আচরণ ও ভাঙচুর অব্যাহত রাখে। এক পর্যায়ে গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়িটির আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এ সময় গাড়িচালক কনস্টেবল মো. আলামিনকে হত্যার উদ্দেশে দেশি অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে জখম করা হয়

হামলাকারীরা আইন অমান্য করে মারমুখী হয়ে সরকারি সম্পত্তি ও পুলিশকে হত্যার উদ্দেশে আক্রমণ ও সরকারি গাড়িতে আগুন দেয় বলে মামলায় বলা হয়েছে।

তাদেরকে নির্বৃত্ত করতে লাঠিচার্জ করে পুলিশ। ছত্রভঙ্গ করার চেষ্টার পরেও তারা মারমুখী আক্রমণ অব্যাহত রাখে। আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস এবং তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

পুরনো খবর:

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ