টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
অভিযোগ রয়েছে, মিছিলকারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্নারে সড়ক এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।
এর আগে সকালে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
এ সময় মাইকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে ছাত্রলীগের একটি মিছিল টুঙ্গিপাড়া সরকারি কলেজ, জিটি সরকারি উচ্চ বিদ্যালয়, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় যায়।
অভিযোগ রয়েছে, মিছিলকারীরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এসময় জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্নারে সড়ক এলাকায় পুলিশের কয়েকটি গাড়ি অবস্থান নিতে দেখা যায়। তা দেখে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দেন।
অন্যদিকে পাটগাতি বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার সড়কের বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে অবরোধ গড়ে তোলা হয়।
টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ সড়কে অবস্থান নেন। তারা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়েও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
এতে টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক ও পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হয়।
এ ঘটনায় পুলিশের গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ, আহতের সংখ্যা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
