১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আনোয়ারায় অবরোধ নিষিদ্ধ ছাত্রলীগের

“তারা এক থেকে দেড় মিনিট অবস্থান করেছিল।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 02:05 PM

Updated : 10 Nov 2026, 02:13 PM

চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা।

মঙ্গলবার সকালে আনোয়ারা-বাঁশখালী সড়কে তারা এ অবরোধ করেন।

সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ১০-১৫ জন তরুণ মাথায় হেলমেট, মুখে মাস্ক, মাফলার বাধা অবস্থায় দক্ষিণ জেলা ছাত্রলীগের ও শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছেন। কয়েকটি টায়ার ও সড়কে কেরোসিন ঢেলে আগুন অগ্নিসংযোগ করেন তারা।

চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনোয়ারা-বাঁশখালী সড়কে কিছু যুবক রাস্তায় টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছিল। খবর পেয়ে আমাদের টহল টিম ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে তারা পালিয়ে যায়।”

তিনি বলেন, “সড়কে আমাদের টহল দল ছিল। তাদের মুভমেন্টের সুযোগে কিছু যুবক এ ঘটনা ঘটিয়েছে। সব মিলিয়ে তারা এক থেকে দেড় মিনিট অবস্থান করেছিল।”

ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাহমুদুল।