বরগুনায় মহাসড়ক অবরোধ করে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ বিক্ষোভ, গাড়ি ভাঙচুর
শাখারিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান।
বরগুনার আমতলী উপজেলায় মহাসড়ক অবরোধ করে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। এ সময় তারা যানবাহনে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে উপজেলার শাখারিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ নেতাকর্মী হঠাৎ ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ চলাকালে তারা সড়কে থাকা বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালায়। কিছুক্ষণ অবস্থানের পর তারা স্থান ত্যাগ করেন।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।”
