শ্রমিক অসন্তোষ: গাজীপুরে সংঘর্ষে ১১ পুলিশ-আনসার আহত
বুধবার সকাল থেকেই গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকেরা।
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। তাদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।
এতে পুলিশ ও আনসারের অন্তত ১১ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।
বুধবার সকাল থেকেই গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকেরা।
দুপুর ১২টার দিকে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান।
তবে শ্রমিকেরা উল্টো পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।
অন্যদিকে, মহানগরীর মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন।
অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
