২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মহাসড়ক অবরোধ গার্মেন্ট শ্রমিকদের, লাঠিপেটা করে ছত্রভঙ্গ

শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 04:39 PM

Updated : 23 Nov 2026, 04:39 PM

গাজীপুরের শ্রীপুরে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে ফের দুটি স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েন তারা। পাল্টা লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, “সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

“পরে আমাদের দেখামাত্রই শ্রমিকরা ঢিল ছুড়তে থাকে। আমরা আত্মরক্ষার জন্য তখন সাউন্ড গ্রেনেড ছুড়ি।”

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে যথারীতি কাজে যোগ দেওয়ার জন্য শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় যান শ্রমিকরা। তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় আট থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছুটি পেয়ে বেশিরভাগ কারখানার শ্রমিক বাড়িতে চলে যান। বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

এ সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক সরিয়ে দেয়।

এ সময় শ্রমিকরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। পরে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজারেও শ্রমিকরা অবরোধ করেন। পরে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাঘের বাজার এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়া মাত্রই তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন শ্রমিকরা।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে সাউণ্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ছুঁড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। ৩০ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।।