২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

গাজীপুরে মহাসড়ক থেকে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

পুলিশ জানায়, বেলা দেটার দিকে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 02:32 PM

Updated : 27 Oct 2026, 02:49 PM

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পৌনে ২টা থেকে যান চলাচল শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় ‘এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড’ কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন।

এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে আন্দোলন শুরু করে। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেয়।

এ সময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন কারাখানায় ছুটি দেওয়ার জন্য ‘চাপ সৃষ্টি’ করে। পরে শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছোড়ে।

পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেয়। এরপর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “এসেনশিয়াল গার্মেন্টসের শ্রমিকরা প্রথমে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। পরে তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে তারা আশেপাশে কারখানার শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।

“পরে তাদের আহ্বানে সাড়া দিয়ে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।”