০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শ্রমিক অসন্তোষ: ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে ভোগান্তি

অসন্তোষের মধ্যে মিরপুরে ২৯ জন এবং গাজীপুরে ২০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

শ্রমিক অসন্তোষ: ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে ভোগান্তি

ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে তৈরি পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 08:44 PM

Updated : 01 Nov 2026, 08:44 PM

ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনে তৈরি পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা পথে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। এতে এই দুই পথে যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

ধারাবাহিক আন্দোলনের মধ্যে রোববার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে ওই পথে প্রায় ছয় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে বলে শিল্প পুলিশ-২ গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান।

বিকালে তিনি বলেন, “শ্রমিকরা বিকাল ৩টার দিকে মহাসড়ক ছেড়ে চলে যাওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। আশপাশের পরিস্থিতিও স্বাভাবিক আছে। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

যানবাহন চলাচল বন্ধের ব্যাপারে জানতে চাইলে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম ঝলক বলেন, “সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল পথে বাস চলাচল বন্ধ ছিল। পরে তা আবার চালু হয়েছে।”

এদিকে আন্দোলনের মধ্যে বিকালে সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিল্প পুলিশ-১ এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া রোববার বিকালে বলেন, শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। সন্ধ্যার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান। পরে এই পথে যান চলাচল স্বাভাবিক হয়।

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ধারাবাহিক আন্দোলনের মধ্যে রোববার সকাল থেকে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে এসে অবরোধ তৈরি করেন।

এ সময় ঢাকার মিরপুর ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর, লাঠিপেটা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিরূপ পরিস্থিতির মধ্যে রোববার মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের তিন শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৭৭টি এবং গাজীপুরে শতাধিক কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয় বলে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

অসন্তোষের মধ্যে মিরপুরে ২৯ জন এবং গাজীপুরে ২০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

পুরনো খবর:

গাজীপুরে মহাসড়ক থেকে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
শ্রমিক অসন্তোষ: গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরে পোশাক শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ
শ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ
শ্রমিক বিক্ষোভ: গাজীপুরে কারখানার গুদাম, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’
শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৩০০ কারখানায় ছুটি ঘোষণা
মজুরি আন্দোলন: মিরপুর-গাজীপুরে গ্রেপ্তার ৩৯, ভাঙচুর-অগ্নিসংযোগে অস্থির শিল্পাঞ্চল