‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ সিজন-২
কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত বিষয় নিয়ে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন- ক্যাটাগরির সাত সাংবাদিককে পুরস্কৃত করা হবে।
দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত বিষয় নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য প্রতিবেদন নেওয়া শুরু হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের এ উদ্যোগের মাধ্যমে ২০২৬ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত বিষয়ের ওপর সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশনের সাত সাংবাদিককে পুরস্কৃত করা হবে।
রোববার গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে সিজন-২ এর ঘোষণা দেওয়া হয় বলে প্রাণ-আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২২ নভেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন সাংবাদিকরা অনলাইনে agromediaaward.com ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। কোনো হার্ড কপি বা সরাসরি জমা দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া কোনো একটি প্রতিবেদন অনলাইন ও প্রিন্ট মিডিয়াতেই প্রকাশিত হলে যেকোনো একটি ক্যাটাগরিতে জমা দিতে হবে।”
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হল কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত। এ উদ্যোগটি প্রাণ গ্রুপের ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য তথ্যভিত্তিক সাংবাদিকতা উৎসাহিত করা এবং সাংবাদিকদের বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো অন্বেষণে অনুপ্রাণিত করা। এ ধরনের উদ্যোগ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
