০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

‘উল্লাস স্পোর্টসফেস্টে’ চ্যাম্পিয়ন স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব

১৩টি প্রতিযোগিতামূলক ইভেন্টের মধ্যে আটটিতে স্বর্ণ জিতে আসরে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান ইয়ুথ ক্লাব।

‘উল্লাস স্পোর্টসফেস্টে’ চ্যাম্পিয়ন স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড আয়োজিত সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’ এর সমাপনী অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 03:48 PM

Updated : 08 Nov 2026, 03:48 PM

‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ এর এবারের আসরে সম্মিলিতভাবে বেশি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।

১৩টি প্রতিযোগিতামূলক ইভেন্টের মধ্যে আটটিতেই স্বর্ণপদক জিতেছে তারা।

‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’ এর সপ্তাহব্যাপী আয়োজন শনিবার শেষ হয়েছে। রাতে রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, “দেশের সর্বত্র সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য ও পর্যাপ্ত খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বহুমুখী ক্রীড়া অবকাঠামো তরুণ সমাজকে সুস্থ প্রতিযোগিতায় উৎসাহিত করবে।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেন, “ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ, দলগত মনোভাব সৃষ্টি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে গত ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্রীড়া উৎসবে দেশের ২৪টি ক্লাবের ১২০০-এর বেশি ক্রীড়াবিদ অংশ নেন।

সপ্তাহব্যাপী এই উৎসবে ১০০ বল ক্রিকেট, ফুটবল (৭-এ-সাইড), বাস্কেটবল, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, টেবিল টেনিস, ৮-বল পুল, প্যাডেল বল, সাঁতার, দাবা, কুইজ এবং আর্ম রেসলিংসহ মোট ১৩টি ইভেন্ট ছিল।

প্রতিযোগিতায় আটটি স্বর্ণ, চারটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক জিতেছে স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব।

প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল ও ক্লাব কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এর আগে সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গুলশান ইয়ুথ ক্লাবের সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করে ব্যান্ড দল ‘পার্পল হেজ’ এবং সংগীতশিল্পী দীঠি আনোয়ার।