রাজউক কোনো ব্যবসায়িক গোষ্ঠীর কাছে মাঠ তুলে দিতে পারে না: বাপা
“প্রধানমন্ত্রীর নির্দেশনা ও রাজনৈতিক অঙ্গীকারের চেয়েও একটি ক্লাবের প্রভাব রাজউকের কাছে বড় হয়ে উঠেছে।”
রাজধানীর গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
মঙ্গলবার সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর কবির এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
রাজউক মালিকানাধীন ৮ দশমিক ৮৭ একর আয়তনের পার্কটির আধুনিকায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) দায়িত্ব দিয়েছিল রাজউক। উন্নয়নকাজের পর ডিএনসিসি তার ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয় গুলশান ইয়ুথ ক্লাবকে।
পরে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে পার্কের নিয়ন্ত্রণ ফের নিজেদের হাতে নেয় রাজউক। তবে মালিক সংস্থাটিই গত ২৫ এপ্রিল সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয় সেই গুলশান ইয়ুথ ক্লাবকেই।
বাপার বিবৃতিতে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক পার্কটির ব্যবস্থাপনার দায়িত্ব ‘দখলদার’ গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় পরিবেশবাদী ও গুলশানের সাধারণ মানুষ ক্ষুব্ধ ও শঙ্কিত। এ ঘটনার মাধ্যমে ঢাকার অন্যান্য ক্লাবগুলোকে মাঠ দখলে উৎসাহিত করা হবে এবং খেলার মাঠ বাণিজ্যিকীকরণের সূচনা হবে।
এর মধ্য দিয়ে নাগরিকদের জন্য খেলার মাঠ নিশ্চিতে প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকারকে রাজউক ‘ধূলিসাৎ ও প্রশ্নবিদ্ধ’ করেছে বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়।
বাপা বলছে, মাঠটি ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার পরই গুলশান ইয়ুথ ক্লাব মাঠের একপাশে নতুন করে কংক্রিটের ঢালাই দিয়ে স্থাপনা তৈরি করছে, যা মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ আইনের লঙ্ঘন।
“রাজউকের কাছে অভিযোগ দিয়েও এ বিষয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছি। রাজউক কোনো ব্যবসায়িক গোষ্ঠীর নিকট মাঠ তুলে দিতে পারে না।”
শিশুদের সুস্থ বিকাশ ও নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিতে প্রতি এলাকায় অন্তত একটি করে খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং খালি জায়গা সংরক্ষণ, দখল উচ্ছেদ ও বাণিজ্যিক আয়োজনে মাঠ বরাদ্দ না দেওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা বিবৃতিতে তুলে ধরা হয়।
এতে বলা হয়, “অথচ এই গুলশান ইয়ুথ ক্লাবের কার্যক্রম রাজউক নিজেই আগে মোবাইল কোর্টের মাধ্যমে বেআইনি ঘোষণা করে বন্ধ করেছিল এবং হাই কোর্টও যাদের দখল অবৈধ বলে রায় দিয়েছেন। এমন একটি ক্লাবকে ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান রাজউকের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নৈতিকতা ও আইনের শাসনের পরিপন্থী।”
রাজউকের সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের সময়ে নেওয়া ‘বিতর্কিত ও বেআইনি’ সিদ্ধান্তই কার্যত পুনর্বহাল করা হয়েছে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, পরিবেশবাদীদের প্রতিবাদ সত্ত্বেও ২০২৪ সালের জুনে তৎকালীন মেয়রের অনুমোদন ও সক্রিয় সহযোগিতায় মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে পার্কে ফুটবল টার্ফ স্থাপন করা হয়। ক্লাবটির পরিচালনা পরিষদে প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতির কারণে রাজউক, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন এমনকি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েও তখন কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনেও তাজউদ্দীন পার্কে ইয়ুথ ক্লাবের দখল ও ব্যবস্থাপনা বহাল থাকাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাংগঠনিক ব্যর্থতা হিসেবে বর্ণনা করে বাপা বলেছে, “এতে প্রতীয়মান হয় যে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও রাজনৈতিক অঙ্গীকারের চেয়েও একটি ক্লাবের প্রভাব রাজউকের কাছে বড় হয়ে উঠেছে।
“পাবলিক মাঠে শিশুদের খেলতে টাকা দিতে বাধ্য হওয়া নাগরিক অধিকারের পরিপন্থী এবং এতে সরকারের সদিচ্ছা ও সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়।”
