পুলিশের ‘ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম’: নিজেদের সমস্যা শোনাল শিক্ষার্থীরা
“অনুষ্ঠানটি প্রাণবন্ত ছিল; শিক্ষার্থীরা মন খুলে কথা বলেছেন,” বলেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক জুবায়ের।
ফুটপাতে বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো বন্ধে পর্যাপ্ত পরিমাণে সচেতনতামূলক সড়ক চিহ্নের নির্দেশনা বসানোর পরামর্শও পাওয়া গেল স্কুল শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক পুলিশের এক অনুষ্ঠানে।
মঙ্গলবার রাজধানীর ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে বনানীতে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে ‘ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম’ শিরোনামে এ অনুষ্ঠান হয়। এতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি নিজেদের প্রত্যাশার কথা শোনান।
ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, অনুষ্ঠানটি প্রাণবন্ত ছিল। শিক্ষার্থীরা মন খুলে কথা বলেছেন। তারা পথ চলতে গিয়ে কী কী সমস্যায় পড়েন, তা তুলে ধরে সেসব সমাধানের পথ চেয়েছেন।
অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খুরশিদা বানু ইসলাম উপস্থিত ছিলেন।
উপ-পুলিশ কমিশনার বলেন, “তাদের প্রধান সমস্যা ফুটপাত নিয়ে। ফুটপাতে দোকানপাট, হঠাৎ করে মোটরসাইকেল বা বাইসাইকেল চালিয়ে যাওয়ার বিষয়টি নিরসনে তারা পুলিশের সহযোগিতা চেয়েছে।”
মূলত নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাস্তার পাশে সচেতনতামূলক, শিক্ষামূলক বা সতর্কতামূলক নিরাপত্তা চিহ্নের নির্দেশনা পর্যাপ্ত না থাকায় নানা সমস্যায় পড়তে হয় বলে শিক্ষার্থীরা অনুষ্ঠানে তুলে ধরেন।
তারেক জুবায়ের বলেন, “এসব বিষয়ে সিটি করপোরেশন বা অন্য সংস্থার সঙ্গে কথা বলে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে শুধু ট্রাফিক আইন লঙ্ঘনের পর মামলা করলেই পরিস্থিতির উত্তরণ সম্ভব নয়, সচেতনতা বাড়াতে হবে—এটা তাদের বোঝানো হয়েছে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন চিহ্নের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ বিষয়ে সার্জেন্ট সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের এসব চিহ্ন বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তা না মানলে কী ধরনের ক্ষতি হতে পারে, তা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন চিহ্ন দেখিয়ে সেগুলো সম্পর্কে জানতে চেয়ে কুইজ প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় দুই শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় বলে জানান উপ-পুলিশ কমিশনার তারেক জুবায়ের।
এ ধরনের অনুষ্ঠান নিয়মিত হবে জানিয়ে তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যে আমরা রিকশাচালকদের নিয়ে বসব। সেখানে তাদের ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত তুলে ধরে সহযোগিতা চাওয়া হবে।”
