২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়োরোর লাল কার্ড বাতিল, রেফারি প্রধানের ভিন্ন মত

আগামী শনিবার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারের খেলতে আর কোনো বাধা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 12:46 AM

Updated : 25 Nov 2026, 12:46 AM

অ্যানফিল্ডে বিতর্কিতভাবে লেনি ইয়োরোর বহিষ্কার হওয়ার ঘটনা নিয়ে আবার পরিস্থিতি উত্তপ্ত হতে যাচ্ছে। লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের লাল কার্ড বাতিল করে দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

তবে রেফারিদের প্রধান হাওয়ার্ড ওয়েব মাঠের রেফারির সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিয়েছেন।

প্রিমিয়ার লিগে গত রোববার লিভারপুলের মাঠে হাইভোল্টেজ ম্যাচে ১০ মিনিটের মধ্যে জোড়া ধাক্কা খায় ইউনাইটেড।

তাদের রক্ষণের দুর্বলতায় ফাঁকায় বল পেয়ে যান আলেকসান্দের ইসাক, কিন্তু বলে তার প্রথম ছোঁয়াটা একটু জোরে হয়ে যায়, তাতে মনে হচ্ছিল বল চলে যাবে গোলরক্ষক সানা লমেন্সের কাছে। কিন্তু তার আগেই পেছনে ছুটে আসা ইয়োরোর হালকা ধাক্কায় ডি-বক্সের বাইরে পড়ে যান ইসাক এবং সঙ্গে সঙ্গে ইউনাইটেড ডিফেন্ডারকে লাল কার্ড দেখান রেফারি।

আর ওই ফ্রি কিক থেকেই লিভারপুলকে এগিয়ে নেন দমিনিক সোবোসলাই।

১০ জন নিয়ে ৮০ মিনিটের বেশি খেলে প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি ইউনাইটেড, একচেটিয়া আধিপত্য করে ম্যাচটি ৪-০ গোলে জিতে যায় লিভারপুল।

ম্যাচের পর ইয়োরোর ওই লাল কার্ড নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ইউনাইটেডের কোচ মাউরিসিও পচেত্তিনো ও অধিনায়ক ব্রুনো ফের্নান্দস। দুজনই বলেন, ওই ঘটনাই ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল।

রেফারির ওই সিদ্ধান্তটি ভুল দাবি করে পচেত্তিনো কারণ হিসেবে বলেন, “বল তার (ইসাকের) নিয়ন্ত্রণে ছিল না। ইসাক যখন দেখে যে বল ঠিকমতো তার নিয়ন্ত্রণে নেয়, স্বাভাবিকভাবেই সে তখন একটু দেরি করে এবং দৌড়ানো থামিয়ে দেয়। সেই সময় পেছন থেকে ইয়োরো ছুটে আসে এবং (ইসাক পড়ে যায়)।

“কিন্তু আমরা তো ফুটবল খেলি; আপনিও জানেন ওটা ফাউল ছিল না। ওটা কখনোই ফাউল ছিল না।”

পচেত্তিনোর এই যুক্তিকে সমর্থন করেছে এফএ। লাল কার্ডটি বাতিল হয়ে যাওয়ায়, আগামী শনিবার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইয়োরোর খেলতে আর কোনো বাধা নেই।

তবে স্কাই স্পোর্টসে হাওয়ার্ড ওয়েব ওই ম্যাচের রেফারির সিদ্ধান্তকে সঠিক বলে মত দিয়েছেন।

“আমার মতে, সাধারণ দৃষ্টিত্বে অধিকাংশ মানুষ এটাকে (রেফারির সিদ্ধান্ত) সঠিক মানবে, বলের দিকে ইসাক দ্রুত ছুটছিল।”

“আরেকটি মত হলো, লমেন্স হয়তো বলের কাছে আগে পৌঁছে যেত, কিন্তু আমার মতে বিষয়টা একটু তর্কসাপেক্ষ। নিশ্চিতভাবেই, পরিষ্কার ভুল নয়।”