২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'রেফারির ভুলে' ম্যাচের চিত্র পাল্টে গেছে, অভিযোগ ইউনাইটেড অধিনায়কের

ভুলভাবে লেনি ইয়োরোকে দেওয়া লাল কার্ড ম্যাচের পুরো গতিপথ বদলে দিয়েছে বলে বিশ্বাস ইউনাইটেড অধিনায়কের।

'রেফারির ভুলে' ম্যাচের চিত্র পাল্টে গেছে, অভিযোগ ইউনাইটেড অধিনায়কের

তৃতীয় গোল হজমের পর বিধ্বস্ত ব্রুনো ফের্নান্দস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 04:15 PM

Updated : 23 Nov 2026, 04:15 PM

ব্যর্থতার ধারায় যোগ হয়েছে আরেকটি হার, স্কোরলাইন আরও বেশি বিব্রতকর- সব মিলিয়ে হতাশার শেষ নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে দলটির অধিনায়ক ব্রুনো ফের্নান্দসের হতাশা রূপ নিয়েছে ক্ষোভে। তার মতে, রেফারির ভুল সিদ্ধান্তেই শুরুতে ১০ জনের দল হয়ে যায় তারা, আর এটাই ম্যাচের গতিপথ ঠিক করে দেয়।

লিভারপুলের দুর্গ অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচের ১০ মিনিটের মধ্যে জোড়া ধাক্কা খায় ইউনাইটেড। তাদের একটা ভুলের সুযোগে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যান আলেকসান্দের ইসাক, উপায় না পেয়ে ডি-বক্সের বাইরে তাকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন লেনি ইয়োরো। আর ওই ফ্রি কিক থেকেই লিভারপুলকে এগিয়ে নেন দমিনিক সোবোসলাই।

তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোহিয়ান ভিয়েৎস। আর দ্বিতীয়ার্ধে রিও নুগোমোহা ও ভিক্তর মুনিয়োসের গোলে ৪-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে লিভারপুল। পুরো ম্যাচে বলা যায় একটি মুহূর্তের জন্যও ঘুরে দাঁড়ানোর কোনো বাস্তবিক সম্ভাবনা জাগাতে পারেনি ইউনাইটেড। যা দলটির ডাগআউটে মাউরিসিও পচেত্তিনোর অভিষেকটা তিক্ততায় ভরিয়ে দেয়।

কক্ষচ্যুত ইউনাইটেডের দায়িত্ব নেওয়া এই আর্জেন্টাইন কোচ ম্যাচের পর দলের ব্যর্থতার পুরো দায় নিজের কাঁধে নিলেন। সঙ্গে এটাও বললেন, ডিফেন্ডার ইয়োরো বহিষ্কার হওয়ার পরই ম্যাচের দৃশ্যপট বদলে যায়। তবে ফের্নান্দস বিষয়টাকে হালকাভাবে দেখছেন না। তার মতে, ইয়োরোর লাল কার্ড রেফারির ভুল সিদ্ধান্ত আর এটাই তাদের হারের কারণ।

বিবিসি স্পোর্টকে দেওয়া প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

“(ইয়োরোর বাধায় ইসাকের) ওভাবে পড়ে যাওয়াটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা কখনোই লাল কার্ড নয়।”

ফের্নান্দস যেন বোঝাতে চাইলেন, অ্যানফিল্ডের পারিপার্শ্বিক চাপ রেফারির সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রেখেছে।

“আমার মনে হয়, মাঠে অনেক রেফারি ছিল এবং ভিএআরেও অনেকজন, তারা বসা ছিলেন। দীর্ঘক্ষণ ধরে দেখে, বারবার ভিডিও সামনে-পেছনে নিয়ে, স্লো-মোশনে দেখে, সবরকম চেষ্টা করে (সিদ্ধান্তটি নেওয়া হয়।)

“এমন একটি ভুল খেলাটাই বদলে দিতে পারে। তবে অবশ্যই হ্যাঁ, ওই কারণে আমরা ফ্রি কিক থেকে গোলটা হজম করিনি, কিন্তু লাল কার্ডের সিদ্ধান্তটা ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।”

এই ভরাডুবির পর লিগ টেবিলে ইউনাইটেডের অবস্থা আরও নাজুক হয়েছে। ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের রেকর্ড তারা আগের রাউন্ডে গড়ে। ব্যর্থতার সেই চিত্রটা এখন আরও ভয়াবহ হলো।

প্রিমিয়ার লিগে টানা ৯ ম্যাচ জয়হীন তারা, দলটি লিগে সবশেষ জিতেছিল গত ৩০ অগাস্ট, ইপ্সউইচ টাউনের বিপক্ষে। এবারের লিগে এখন পর্যন্ত তাদের জয়ের গল্প ওই একটিই।

আসরে পঞ্চম হারের পর, ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে ইউনাইটেড, তলানি থেকে মাত্র ১ পয়েন্ট দূরে।