২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেঞ্চে লোপেসকে লাল কার্ড, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্লিক

মূল রেফারির সমালোচনা করার পাশাপাশি চতুর্থ রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বার্সেলোনা কোচ।

বেঞ্চে লোপেসকে লাল কার্ড, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্লিক

ম্যাচ শেষে হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 12:02 AM

Updated : 23 Nov 2026, 12:02 AM

ভিয়ারেয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়ের পর, রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হান্সি ফ্লিক। মূল রেফারির সমালোচনা করার পাশাপাশি চতুর্থ রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বার্সেলোনা কোচ।

কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচটিতে প্রথম সাত মিনিটে দুই গোল হজমের ধাক্কা সামলে ৩-২ ব্যবধানে জেতে বার্সেলোনা।

৬১তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করা ফের্মিন লোপেসকে ছয় মিনিট পর তুলে নেন কোচ। ৮২তম মিনিটে বেঞ্চে থাকা এই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি আলেহান্দ্রো এর্নান্দেস। এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে বিরক্তি প্রকাশ করেন ফ্লিক।

“এই রেফারিকে নিয়ে আমাদের সবসময়ই এমন সমস্যার সম্মুখীন হতে হয়। ফের্মিনের (লোপেস) ক্ষেত্রে কী ঘটেছে, আমি জানি না। চতুর্থ রেফারি সবসময় আমাদের বেঞ্চের দিকে তাকিয়ে ছিলেন। তাদের কাজ হলো রেফারিদের সহায়তা করা। কী হয়েছে, তা জানতে চেয়েছিলাম; কিন্তু তার উত্তরে পেলাম হলুদ কার্ড।

“সে (লোপেস) মাঠেই ছিল... জানি না, সে খেলার দিকেই মনোযোগ দিয়েছিল এবং দলকে সমর্থন করছিল। এই রেফারিকে নিয়ে আমাদের সবসময়ই এমন সমস্যা হয়; আগেও এমনটা হয়েছে। সবসময়ই একই ঘটনা। লামিনের (ইয়ামাল) ক্ষেত্রে যা হয়েছে, সেটা স্পষ্টতই একটি ফাউল।”

Image

লাল কার্ড দেখে অবাক ফের্মিন লোপেস (ডানে)। ছবি: স্ক্রিনশট

নিজেদের ভুলে শুরুতে গোল হজম করলেও, দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বার্সেলোনা কোচ।

“ম্যাচের শুরুতে দুটি ভুল থেকে তারা আমাদের বিপক্ষে দুটি গোল করে ফেলে। তবে প্রথমার্ধে আমরাও ভালো খেলেছি এবং বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছি। আমি খুশি, কারণ দ্বিতীয়ার্ধে আমরা প্রথমার্ধের চেয়েও অনেক বেশি সুসংগঠিত ফুটবল খেলেছি এবং এই জয় আমাদের প্রাপ্য ছিল।”

এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আবারও মজবুত করেছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের পয়েন্ট ৩৬। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।