২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলযোগের মাঝেও হরমুজে সাঁতার: প্রকৃতির কান্না শোনাতে এক ব্রিটিশের অভিযান

মাত্র ৪ কিলোমিটার দূরে আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র, পাশেই দাউদাউ করে জ্বলছে গ্যাসবাহী জাহাজ- আর ঠিক সেই সাগরেই ১৫ কিলোমিটার সাঁতার কাটলেন এক ব্রিটিশ নাগরিক।

গোলযোগের মাঝেও হরমুজে সাঁতার: প্রকৃতির কান্না শোনাতে এক ব্রিটিশের অভিযান

লুইস পিউ। ছবি: লুইস পিউ ফাউন্ডেশন/বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 12:31 AM

Updated : 23 Nov 2026, 12:31 AM

ক্ষেপণাস্ত্র হামলা আর জ্বলন্ত জাহাজের বিপদ উপেক্ষা করে টানা তিনদিন সাঁতরে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছেন ব্রিটিশ পরিবেশকর্মী লুইস পিউ। উদ্দেশ্য একটাই- যুদ্ধের আড়ালে চাপা পড়া বিপন্ন সমুদ্র ও প্রকৃতির আর্তনাদের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

জাতিসংঘের সমুদ্রবিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা এই পরিবেশকর্মী কোনও বাধার পরোয়া না করে সাঁতরে পাড়ি দিয়েছেন প্রায় ১৫ কিলোমিটার (৯ দশমিক ৩ মাইল) উত্তাল জলপথ।

ইংল্যান্ডের প্লাইমাউথে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী লুইস পিউয়ের মতে, যুদ্ধ মানুষের জীবনে সীমাহীন দুর্ভোগ ডেকে আনে ঠিকই, কিন্তু এর আরেকটি বড় শিকার হল প্রকৃতি- যার ক্ষয়ক্ষতির দিকে মানুষের নজর পড়ে খুবই কম।

মৃত্যুভয় তুচ্ছ করে হরমুজ প্রণালি সাঁতরে পাড়ি দেওয়া এই পরিবেশকর্মীর কণ্ঠে যে আকুতি, তা হল- অবিলম্বে রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হোক, বিশ্ববাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হরমুজ প্রণালি আবারও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক; আর যুদ্ধের আগুনে প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সারিয়ে তুলতে বিশ্বনেতারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।

গত মার্চে এই অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর কেউ এই ভয়ংকর জলপথে নামার সাহস দেখাননি। ধারণা করা হচ্ছে, যুদ্ধাবস্থার মধ্যে হরমুজ প্রণালির বুক চিরে দীর্ঘ পথ সাঁতরে পাড়ি দেওয়ার দুঃসাহসিক এই অভিযান প্রথম তিনিই চালালেন।

Image

লুইস পিউ। ছবি: লুইস পিউ ফাউন্ডেশন/বিবিসি

তার যাত্রাপথ ছিল অনেকটাই চ্যালেঞ্জিং। প্রণালির বুক চিরে অবস্থিত মুসান্দাম দ্বীপ থেকে পানিতে নামেন তিনি; আর টানা সাঁতার কেটে পৌঁছান ওমানের মুসান্দাম উপদ্বীপের একদম উত্তর প্রান্তে অবস্থিত কেপ অব হরমুজে।

তার এই যাত্রা যে কতটা মৃত্যুঝুঁকিতে ভরা ছিল, তার প্রমাণ মেলে অভিযানের প্রথম দিনেই। লুইস পিউ ফাউন্ডেশন জানিয়েছে, তিনি যখন উত্তাল জলরাশি চিরে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার অবস্থান থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই একটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। চোখের সামনে এমন বিস্ফোরণ উপেক্ষা করেই এগিয়ে যান তিনি।

বিপদের এখানেই শেষ ছিল না; অভিযানের দ্বিতীয় দিন হয়ে ওঠে আরও ভয়াবহ। সাগরের বুকে জেগে থাকা এক উঁচু স্থলভাগের ওপার থেকে তিনি আকাশছোঁয়া আগুনের শিখা উঠতে দেখেন। সেখানে দাউদাউ করে জ্বলছিল 'তারা গ্যাস' নামের একটি এলপিজি গ্যাসবাহী জাহাজ। মৃত্যুর হাতছানি উপেক্ষা করে পিউ যখন এগিয়ে যান, তখন জ্বলন্ত জাহাজটির একদম গা ঘেঁষেই তাকে সাঁতরে পার হতে হয়েছিল।

তবে সে সময় নিজের জীবনের চেয়েও পিউয়ের মন কেঁদে উঠেছিল অন্য মানুষের জন্য। সেই মূহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, “আগুন দেখে আমার মাথায় প্রথম যে চিন্তাটি এসেছিল, তা হল জাহাজের ভেতরে থাকা অসহায় নাবিকদের কী অবস্থা হচ্ছে।”

'“আগুনের শিখাগুলো ছিল বিশাল। এই জাহাজগুলোতে অত্যন্ত দাহ্য গ্যাস থাকে। তাই এগুলোর কোনো একটিতে হামলা হলে তার পরিণতি হতে পারে ভয়াবহ, যা কেবল জাহাজে থাকা নাবিকদের জীবনই কেড়ে নেয় না, বরং আশপাশের পুরো সামুদ্রিক পরিবেশকেও ধ্বংস করে দেয়," বলেন পিউ।

Image

লুইস পিউ। ছবি: লুইস পিউ ফাউন্ডেশন/বিবিসি

যুদ্ধের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে তিনি এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করেন। তার মতে, সংঘাতে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়, তার আড়ালে পরিবেশের বিপর্যয়ের দিকটি উপেক্ষিতই থেকে যায়।

তিনি আক্ষেপ করে বলেন, “যুদ্ধ মানুষের জীবনে সীমাহীন দুর্ভোগ ডেকে আনে। কত তাজা প্রাণ ঝরে যায়, সাজানো পরিবার মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায়; আর মানুষের আশ্রয়স্থল ঘরবাড়ি, হাসপাতাল কিংবা স্কুলগুলো চোখের পলকেই ধ্বংসস্তূপে পরিণত হয়।'"

এছাড়াও পিউয়ের কথায়, যুদ্ধের আরেকটি বড় শিকার আছে, যার খবর কেউ রাখে না-তা হল প্রকৃতি। বন্দুকের নল শান্ত হয়ে যাওয়ার পরও প্রকৃতির বুকে তৈরি হওয়া ক্ষত দীর্ঘকাল ধরে বয়ে বেড়াতে হয়।

হরমুজ প্রণালি কেবল বিশ্ববাণিজ্য ও জাহাজ চলাচলের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং নীল জলরাশির নিচে এই প্রণালি এক সমৃদ্ধ প্রাণিজগতেরও আশ্রয়স্থল। বিরল প্রজাতির ডুগং, সামুদ্রিক কচ্ছপ এবং বিশালাকায় তিমি হাঙরের মতো অসংখ্য প্রাণী এই সাগরেই বসবাস করে- যাদের অস্তিত্ব আজ যুদ্ধের কারণে বিপন্ন।

সমুদ্রের নীল জলরাশি নিয়ে নিজের উদ্বেগের কথাও জানান পিউ। তার আশঙ্কা, যুদ্ধের কারণে জাহাজ থেকে নিঃসৃত তেল এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিক দূষণ সমুদ্রের পুরো বাস্তুতন্ত্রকে তছনছ করে দিতে পারে। এর দীর্ঘমেয়াদী প্রভাবে চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে সাগরের তলদেশের প্রবাল প্রাচীর, সামুদ্রিক ঘাসের তৃণভূমি এবং উপকূলীয় ম্যানগ্রোভ বন।