হরমুজে মাইনের আঘাতে ৩ ট্যাংকারে আগুন জ্বলছে: ইরানি নৌবাহিনী
যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।
হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকালে পূর্ব হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার সেখানে পেতে রাখা সামুদ্রিক মাইনে ধাক্কা খায়, পরবর্তী সময়ে আরও দুটি ট্যাংকার একই পরিস্থিতির শিকার হয়। এতে তিনটি ট্যাংকারই ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেগুলোতে আগুন ধরে গেছে।
পরে সন্ধ্যায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর উদ্ধৃতি দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, ‘নিয়ম লঙ্ঘনকারী’ দুটি ট্যাংকার হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ পথ দিয়ে গোপনে পার হওয়ার’ চেষ্টা করার সময় সামুদ্রিক মাইনে আঘাত হানে, এতে ঘটা বিস্ফোরণে জাহাজ দুটিতে আগুন ধরে ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে যুদ্ধ শুরু করার পর থেকে তেহরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। যুদ্ধ শুরুর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল ও গ্যাস রপ্তানি হতো। তা বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে এর প্রভাবে জ্বালানির মূল্য বেড়ে গেছে ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই জলপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তেহরানের ভাষ্যমতে, যেসব জাহাজ বিধিনিষেধ লঙ্ঘন করছে সেগুলোই মাইনের মুখে পড়ছে বা তাদের হামলার শিকার হচ্ছে।
