ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশে অন্তত ২৫ নাবিক নিহত: জাতিসংঘ
তেহরান জাহাজগুলোকে সতর্ক করে বলেছে, এই জলপথ অতিক্রম করতে হলে ইরানের অনুমোদন নিতে হবে।
ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন; জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে পশ্চিম এশিয়া, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি ১১ নভেম্বর পর্যন্ত নিহতদের এই পরিসংখ্যান তুলে ধরেন।
অঞ্চলটিতে নৌ-চলাচল পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান জানিয়ে খিয়ারি বলেন, “এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক বাস্তবতা (নিউ নরমাল) হতে দেওয়া যায় না।”
তিনি জানান, হরমুজ প্রণালি ও এর আশপাশে নিরাপত্তাজনিত ঘটনা ক্রমেই বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে অক্টোবরে সবচেয়ে বেশি এ ধরনের ঘটনা ঘটেছে।
জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও) ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর পশ্চিম এশিয়ায় জাহাজসংশ্লিষ্ট ১৩৬টি নিরাপত্তাজনিত ঘটনা নথিভুক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরে ১০টি ঘটনা ঘটেছে।
খিয়ারি বলেন, “প্রতিদিনই নৌপথে নতুন নতুন ঘটনার খবর আসছে। এসব ঘটনা অগ্রহণযোগ্য। বেসামরিক নৌযান ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু বানানো উচিত নয়।”
এদিকে শনিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালির ‘অননুমোদিত’ এলাকা দিয়ে চলাচলের সময় মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে।
যুদ্ধ চলাকালে এই জলপথ অতিক্রম করতে হলে ইরানের অনুমোদন নিতে হবে বলে জাহাজগুলোকে সতর্ক করে দিয়েছে তেহরান। নিয়ম লঙ্ঘনের অভিযোগে তারা বিভিন্ন জাহাজে হামলাও চালাচ্ছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত নৌবাহিনীর এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “হরমুজ প্রণালির পূর্বাংশের অননুমোদিত এলাকায় নিষেধাজ্ঞা অমান্যকারী কোনো ট্যাংকার চলাচল করলে নৌমাইনের আঘাতে সেটিতে আগুন ধরে যাবে।”
ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবি পূরণ না করা পর্যন্ত প্রণালিটি খুলে দেওয়া হবে না।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধ সমাপ্তির সুস্পষ্ট ঘোষণা।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা প্রণালির প্রধান পথগুলো মাইনমুক্ত করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য জলপথটি খোলা রয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে খিয়ারি বলেন, “পশ্চিম এশিয়ায় বর্তমান নৌচলাচল ব্যবস্থা ব্যয়বহুল, অনিশ্চিত ও অনিরাপদ হয়ে রয়েছে।”
তিনি আরও বলেন, “নৌচলাচলে বিঘ্ন ঘটার ফলে বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। এতে জ্বালানি, পরিবহন ও বিমা খরচ বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি উসকে উঠছে এবং সার পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে।”
