যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ‘ধাক্কা’র পর থেকে কোনো আলোচনা হয়নি: আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনকে তেহরানের পূর্বঘোষিত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল ‘ধাক্কা’ খাওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি চুক্তির লক্ষ্যে আর কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
রোববার আরাকচি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেছেন, “আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাব এটা নির্ধারণ করার জন্য এখন আমাদের দেখতে হবে এই ফলাফলগুলো হজম করতে তাদের কত সময় লাগে।”
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধের সূচনা ঘটিয়েছে তা কার্যকরভাবে থামানোর চেষ্টা করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার ও পাকিস্তান। তবে কয়েক মাস ধরে চেষ্টার পরও কোনো সফলতা পায়নি তারা।
দুই পক্ষের মধ্যে সরাসরি লড়াই অনেকটাই কমে এসেছে, কিন্তু বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধের চেষ্টা ইরান অব্যাহত রেখেছে, অপরদিকে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে পাল্টা অবরোধ আরোপ করে রেখেছে।
আরাকচি বলেছেন, “গত কয়েকদিনের মধ্যে মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে আর কোনো সফর হয়নি। এর কারণ হল যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে সবার ধাক্কা লেগেছে। অনুকূল পরিবেশ ফিরে আসতে কিছুটা সময় লাগবে।”
এসব কথা জানিয়ে `ধৈর্য ধরার’ আহ্বান জানান তিনি, জানিয়েছে আল অ্যারাবিয়া।
এর আগে এক্সে এক পোস্টে আরাকচি লেখেন, “আমেরিকার ভোটাররা তাদের সিদ্ধান্ত নিয়েছে, এখন হোয়াইট হাউজের সিদ্ধান্ত জানানোর সময় হয়েছে।”
তিনি ওয়াশিংটনকে ইরানের পূর্বঘোষিত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন অথবা যুদ্ধ বেছে নিতে ও ইরানের ‘সতর্ক ও যুদ্ধ অভিজ্ঞ যোদ্ধারা কীভাবে নরক নামিয়ে আনে তা দেখতে’ বলেছেন।
সেপ্টেম্বরে ইরান হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার জন্য একটি সাত দিনের পরিকল্পনা প্রস্তাব করেছিল। এই পরিকল্পনার শর্তগুলোর মধ্যে ছিল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিদেশে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা, ইরানি তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে আরোপ করে রাখা পাল্টা অবরোধ তুলে নেওয়া।
পরবর্তীতে ইরান জানায়, এই শর্তগুলো সত্যি সত্যি মানলে সাত দিনের পরিবর্তে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে তারা। রোববার এক্সে তার পোস্টে আরাকচি এই প্রস্তাবগুলো পুনর্ব্যক্ত করেছেন।
