২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

সেদিন ক্ষমতায় থেকে যারা জ্বালাও-পোড়াওয়ের কঠোর সমালোচনা করেছিলেন, আজ কোণঠাসা হয়ে তারাই কেন বেছে নিলেন আগুনের পথ?

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও প্রতিহিংসার রাজনীতিতে পুড়ছে রাজনৈতিক কার্যালয় ও সাধারণ মানুষের বসতবাড়ি; জনমনে বাড়ছে আতঙ্ক। ফাইল ছবি

নাদিম মাহমুদ নাদিম মাহমুদ

Published : 22 Nov 2026, 06:38 PM

Updated : 22 Nov 2026, 06:38 PM

ফের অগ্নিসহিংসতার খপ্পরে পড়েছে দেশ। তেরো বছর আগে, ২০১৩ সালে টানা দুই বছরের ভয়াবহ অগ্নিসন্ত্রাস ও প্রাণহানি পুরো জাতিকে স্তম্ভিত করেছিল। ইতিহাসের কী নির্মম পরিহাস, সেদিন যারা ক্ষমতায় ছিলেন, আজ রাজপথে তারাই সেই একই ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছেন।

দুই বছরের বেশি সময় রাজনীতির মাঠে আওয়ামী লীগ অনেকটাই নিরুত্তাপ ছিল। তবে আগামী মাসে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা দলটির সাম্প্রতিক কর্মসূচি ঘিরে দেশজুড়ে জ্বালাও-পোড়াও বেড়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিপক্ষের হাতে দলটির নেতা-কর্মী ও সাবেক সংসদ সদস্যদের বাড়িঘরে অগ্নিসংযোগের খবরও গণমাধ্যমে আসছে; এমনকি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পাল্টাপাল্টি এই অগ্নিসহিংসতায় দেশের মানুষ আতঙ্কগ্রস্ত, শঙ্কিতও বটে। প্রশ্ন হলো, এই পাল্টাপাল্টি আগুনে কি রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরবে? নাকি জ্বালাও-পোড়াওয়ের এই সংস্কৃতিই রাজনৈতিক চর্চার নাম হয়ে চলতে থাকবে?

যুদ্ধাপরাধীদের বিচার ঘিরে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা তখন রাজপথে সেই তাণ্ডবে জড়িয়ে পড়েছিল। সেই সময়ের খবরের কাগজ বের করলেই চোখে পড়বে শিরোনামগুলো—বোমায় কবজি গেল পুলিশের। অন্তু বড়ুয়ার চোখে আঘাত, শিশু মুরাদের হাতের ক্ষত থেকে শুরু করে অসংখ্য মানুষ বাসে অগ্নিদগ্ধ হয়েছেন, প্রাণ দিয়েছেন। পুড়েছে যানবাহন। মানুষ সেই সহিংসতাকে ভালো চোখে দেখেনি। আর শেষ বিচারে ওই আগুন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বিন্দুমাত্র সহায়তা করতে পারেনি।

আজ সেই দলটিই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে রাজপথে। রাজনৈতিক মাঠ বন্ধ হয়ে গেলে কোণঠাসা দল সহিংসতার পথ ধরে—কথাটি নতুন নয়। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় থানায় হামলা, বিএনপি ও যুবদল কার্যালয়ে অগ্নিসংযোগ, একজন সংসদ সদস্যের পৈতৃক বাড়িতে আগুন, ঢাকায় ককটেল ও অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনা। ফরিদপুরে অবরোধের সময় অগ্নিসংযোগে প্রাণ গেছে একজন কৃষক দল নেতার। নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় প্রাণ গেছে আরও দুজনের।

বিনিময়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বসতবাড়ি পুড়ছে। নড়াইলের কালিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে, আগুন দেওয়া হয়েছে হিন্দুদের ঘরবাড়িতেও, যা স্থানীয় বিএনপি নেতৃত্ব বরাবরের মতো অস্বীকার করেছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের বাড়িতে নিজেরাই আগুন দিচ্ছে? আগুন নিয়ে এই রাজনৈতিক খেলা সামনের দিনে কতটা পথ দখল করবে, সেটাই বড় প্রশ্ন।

কেন এই পরিস্থিতি, তা বুঝতে পেছনে তাকাতে হয়। ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী ব্যবহার করে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে; পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করে, ফলে গত ফেব্রুয়ারির নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। হিউম্যান রাইটস ওয়াচের ২০২৬ সালের প্রতিবেদন বলছে, আওয়ামী লীগ আমলে যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আটকের সংস্কৃতি গেঁথে বসেছিল, অন্তর্বর্তী সরকারের আমলেও তা অব্যাহত ছিল; শত শত অজ্ঞাতনামা মানুষকে আসামি করার চর্চাসহ। অভিনেতা, গায়ক, আইনজীবী থেকে সাধারণ কর্মী, শত শত মানুষ বিচার ছাড়াই বন্দি, জামিন নিয়মিত নাকচ হচ্ছে। সংস্থাটির অগাস্ট ২০২৬-এর বিবৃতি অনুযায়ী, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অন্তত ১০ জন আওয়ামী লীগ পদধারী কারাগারে মারা গেছেন, যাদের অধিকাংশের বিরুদ্ধে কোনো অভিযোগই গঠিত হয়নি। অর্থাৎ চব্বিশের ৫ অগাস্টের পর থেকে দলটির ওপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে।

এখানে একটি কথা স্পষ্ট থাকা দরকার। নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ সত্য হলে তার বিচার অনিবার্য, ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। জাতিসংঘের অনুসন্ধান বলছে, চব্বিশের অভ্যুত্থান দমনে প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার ৪০০ মানুষ; এই রক্তের হিসাব মুছে ফেলার কোনো সুযোগ নেই। কিন্তু নেতৃত্বের অপরাধের দায়ে লাখো সমর্থকের ভোটাধিকার কেড়ে নেওয়া বিচার নয়, সমষ্টিগত শাস্তি। একটি দলকে নিষিদ্ধ করে, হাজারো অজ্ঞাতনামা আসামির মামলা ঝুলিয়ে রেখে আপনি অপরাধীর বিচার করছেন না, কেবল পরবর্তী সহিংসতার পরিবেশ তৈরি করছেন।

অথচ গণতন্ত্রমনা বুদ্ধিজীবীদের একটি বড় অংশ এখন মনে করে, আওয়ামী লীগের রাজনীতি করার আর দরকার নেই; দলটির সমর্থকরা অন্য দলে মিশে যাক, নয়তো চুপ থাকুক। অথচ আওয়ামী লীগের ক্ষমতাকালে পালিত বুদ্ধিজীবীরাও ঠিক একই সুরে বলতেন, বিএনপি-জামায়াত নিশ্চিহ্ন হয়ে যাক। এই দুই শ্রেণির মধ্যে তফাৎ আমি অন্তত খুঁজে পাই না। গণতন্ত্রের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এক দল ভেবে বসে, আরেক দলের থাকার প্রয়োজন নেই।

আমাদের বুদ্ধিজীবী সমাজ এই প্রশ্নটিই তোলে না: নিষেধাজ্ঞার পর একটি রাজনৈতিক দলের সামনে রাজনীতি করার পথ কী? উল্টো কাউকে কাউকে বলতে শুনলাম, একটি নির্দিষ্ট জেলাকে বিচ্ছিন্ন করে দিতে, কিংবা সেখানে সর্বশক্তি প্রয়োগ করতে। অন্তরে ফ্যাসিবাদ লালন করে মুখে ফ্যাসিবাদের ছাল তুলে ফেলা, এই আমাদের মানসিক দৈন্য।

গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফেরাতে হলে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সুযোগ নেই। সেই দলের যদি পাঁচ শতাংশ সমর্থকও থাকে, তাদের আপনি কিছুতেই নির্মূল করতে পারবেন না; বরং কোণঠাসা সেই দলটিই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার পথ বেছে নিতে বাধ্য হবে। কারণ গণতন্ত্র কেবল গুটিকয়েক মানুষের পছন্দ-অপছন্দে চলতে পারে না। সমাজের সব শ্রেণির প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ না মিললে সেই গণতন্ত্র হয়ে যায় 'কথিত' গণতন্ত্র। আজ আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে গণতান্ত্রিক চর্চার একটি অংশকে বন্ধ করার চেষ্টা হয়েছে, সেটি কোনো পক্ষের জন্যই শুভ বার্তা বয়ে আনতে পারে না।

তবে প্রশ্নটি একতরফা নয়। আওয়ামী লীগেরও ২০১৫ সালের অভিজ্ঞতা থেকে জানা উচিত, মানুষ আগুনকে ক্ষমা করে না। চব্বিশের আন্দোলনেও একদল জ্বালাও-পোড়াও করেছিল; সাধারণ মানুষ তা পছন্দ করেনি। মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছিল রক্তপাত আর আবেগ, আগুন নয়। আজ অগ্নিসহিংসতায় জড়িয়ে দলটি নিজেকেই প্রশ্নবিদ্ধ করছে, আর এই পথ মানুষ গ্রহণ করবে না।

আরেকটি মৌলিক প্রশ্নও থেকে যায়: আওয়ামী লীগের নেতৃত্ব কি চব্বিশের প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়েছে, কিংবা ভুল নেতৃত্বের দায় স্বীকার করেছে? যদি না করে থাকে, তাহলে তাদের রাজনীতিতে ফেরার পথ কতটা সহজ হবে? এই প্রশ্নের উত্তর দলটির নেতৃত্বকেই দিতে হবে।

তবু বলতে হয়, ৫ অগাস্টের পর থেকে দলটির অসংখ্য নেতা-কর্মীর প্রাণহানি আর প্রতিশোধপরায়ণতা পরিস্থিতিকে সহজ করেনি। বিকল্প পথ তৈরিতে দলটি কতটা চেষ্টা করেছে, সে প্রশ্ন যেমন থাকে, তেমনি স্বাভাবিক রাজনীতির পথ কতটা খোলা রাখা হয়েছিল সেই প্রশ্নও সরকারের দিকে যায়। এই সহিংসতা এড়াতে সরকার সত্যিই কী পদক্ষেপ নিয়েছে?

যদিও এসব অগ্নিসহিংসতার ঘটনার পরও সরকার কিছুটা সহনশীল আচরণ দেখাচ্ছে, যা ভালো দিক।

তবে রাজনৈতিক সহাবস্থান তৈরি না হলে ক্ষমতাসীন কিংবা ক্ষমতাপ্রত্যাশী কেউই ভালো থাকবে না। ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করাতে, আইনশৃঙ্খলায় আস্থা ফেরাতে এর বিকল্প নেই। লোক দেখানো হুংকারে শক্তি প্রমাণ হয় না, এটি আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন সত্য, বিএনপি-জামায়াতের ক্ষেত্রেও তেমনই।

রাজনৈতিক মাঠ শূন্য করে রাখার খেসারত আওয়ামী লীগ দিয়েছে; ২০১৫ সালে আগুনের রাজনীতির খেসারত বিএনপি-জামায়াতও দিয়েছে। আজ ক্ষমতায় থেকে তারা যদি প্রতিপক্ষের জন্য মাঠ বন্ধ রাখে, ইতিহাস তাদের জন্যও একই পরিণতি লিখে রাখবে। আমাদের মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।

আসুন, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করি। অপরাধীর বিচার হোক আদালতে, স্বচ্ছ প্রক্রিয়ায়; রাজনীতির মাঠ উন্মুক্ত থাকুক সবার জন্য। চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের ওপরই ছেড়ে দিই। প্রতিশোধপরায়ণতা চলতে থাকলে রাষ্ট্র হিসেবে আমরাই দুর্বল হব, ঝরবে আমাদের মানুষেরই রক্ত। আমরা গণতন্ত্রশূন্য দেশ দেখতে চাই না, লোক দেখানো গণতন্ত্রও নয়—চাই মানুষের জন্য কার্যকর একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা।

ড. নাদিম মাহমুদ: গবেষক, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়। ইমেইল: nadim.ru@gmail.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।