ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১৯
ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে।
দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫০, খুলনা বিভাগে ১৭৪, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩, রংপুর বিভাগে ৬৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।
