ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫১৬
গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে তিন জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির দাঁড়াল ৫১৬ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে দুই জন এবং খুলনা বিভাগে এক জন মারা গেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৫, খুলনা বিভাগে ২২৭, বরিশাল বিভাগে ১৪৫ জন, রাজশাহী বিভাগে ১৪৬, রংপুর বিভাগে ৬৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।
