১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 05:24 PM

Updated : 16 Nov 2026, 05:24 PM

দেশে গত এক দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এইডিস মশাবাহিত রোগটিতে এ নিয়ে চলতি বছর ৫০২ জনের প্রাণ গেল।

আর গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১ হাজার ৫৯৮ জনকে নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগের হাসপাতালে একজন মারা গেছেন।

এই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, খুলনা বিভাগে ২০১ জন, রাজশাহী বিভাগে ২৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।