ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২
ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫২৬ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ হাজার ৮৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বুধবার জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৫, খুলনা বিভাগে ১২৯, বরিশাল বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ১১৮, রংপুর বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।
