ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
চলতি বছর এইডিস মশাবাহিত এ রোগে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫২৪ জনে।
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫২৪ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে। যার মধ্যে ১ লাখ ৭০ হাজার ৬০০ জন রোগী সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ হাজার ৮৬১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৩, খুলনা বিভাগে ১৪১, বরিশাল বিভাগে ১৩৭ জন, রাজশাহী বিভাগে ১৩১, রংপুর বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।
