২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে পড়েছিল পোশাক শ্রমিকের লাশ

মানিকগঞ্জ সদরের কৃষ্ণপুর ইউনিয়নে এবং ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে পড়েছিল পোশাক শ্রমিকের লাশ

সুমি আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 06:15 PM

Updated : 24 Nov 2026, 06:15 PM

মানিকগঞ্জে আলাদা স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করা করেছে পুলিশ। যাদের মধ্যে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় এবং মঙ্গলবার সকালে ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলেন- সদর উপজেলায় কৃষ্ণপুরে আলম পীরের স্ত্রী সুমি আক্তার এবং বীর সিংজুরী গ্রামে স্বপন মিয়ার স্ত্রী চম্পা বেগম (৪০)। চম্পা সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে চাকরি করতেন।

দুপুরে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলুস পাঠান বলেন, সোমবার সন্ধ্যায় গুজুরি এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে সুমি আক্তারের ওপর হামলার ঘটনা ঘটে।

সুমির স্বামী আলম পীরের অভিযোগ, একই এলাকার এক যুবক দা দিয়ে তার স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে সুমির একটি হাত মারাত্মক জখম হয়। হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে শুধু চামড়া ও সংযুক্ত অংশের সঙ্গে ঝুলে ছিল। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক জুলুস পাঠান বলেন, “হামলাকারী মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তার গ্রেপ্তারের পেছনে সুমির স্বামী আলম জড়িত বলে সন্দেহ করতেন হামলাকারী। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আলমের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ঘিওর থানার এসআই সুমন চক্রবর্তী বলেন, সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরেননি চম্পা বেগম। পরদিন সকালে বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে তার লাশ পড়ে থাকতে দেখেন শাশুড়ি হাসনা বেগম। তার গলায় ফাঁসের দাগও ছিল। লাশের পাশে পড়ে ছিল চম্পার ভ্যানিটি ব্যাগ।

স্বামী স্বপন মিয়া আনসার সদস্য হলেও প্রায় দুই বছর ধরে অন্যত্র বসবাস করায় এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন চম্পা।

দুপুরে এসআই সুমন চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।