০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 01:13 PM

Updated : 01 Nov 2026, 02:04 PM

খুলনা নগরে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে লবণচরার দরগাপাড়ার কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান।

৩৫ বছর বয়সী নিহত শহীদুল ইসলাম কলিন একই এলাকার মাহাতাব শেখের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শহীদুলের বিরুদ্ধে সাতটি মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে বলে ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানিয়েছেন।

ওসি বলছেন, শহীদুল প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন। শনিবারও বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। পরে বাড়ির কিছু দূরে তার মরদেহ পাওয়া যায়।

তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।