০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

খুলনায় চায়ের দোকানে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

হামলাকারীরা মোটরসাইকেলে খুলনা-দৌলতপুর সড়ক হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 05:48 PM

Updated : 05 Nov 2026, 05:48 PM

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে বাসা যুবককে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেল আসা দুজন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়া বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকর হাফিজুর রহমান।

নিহত শেখ তরিকুল ইসলাম (৩৫) ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে। তিনি মাছের ঘেরের ব্যবসায়ের সঙ্গে জড়িত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি খন্দকর হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে তরিকুল স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক এসে তরিকুলের মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে হামলাকারীরা মোটরসাইকেলে খুলনা-দৌলতপুর সড়ক হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের জেলা খুলনায় বেড়েছে হত্যাকাণ্ড ও প্রাণহানির ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের কথা বললেও খুনের ঘটনা থামছে না।

খুলনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত ৩৭টি হত্যার ঘটনায় ৩৫টি মামলা হয়েছে।

অপরদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, একই সময়ে নগর এলাকায় ৩৭টি হত্যা মামলা হয়েছে। এ সব ঘটনায় নিহত হয়েছেন ৩৯ জন।