১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসা বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মোটরসাইকেলে আসা দুজনের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে তারা ফকিরহাটের দিকে পালিয়ে যান।

খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসা বিএনপি নেতাকে গুলি করে হত্যা

শেখ জাকির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 09:18 AM

Updated : 13 Nov 2026, 09:22 AM

খুলনার রূপসায় দোকানে ঢুকে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপসা থানার ওসি মাসুম খান।

নিহত ৪৩ বছর বয়সী শেখ জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে।

তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী এবং ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

ওসি মাসুম খান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন।

এ সময় একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে দোকানের পাশে থামে। তাদের একজন দোকানে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে তারা মোটরসাইকেলে ফকিরহাটের দিকে পালিয়ে যান।

গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলছে।

এদিকে বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জরুরি সভা চলছিল। তখনই জেলার রূপসায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

পরে রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।