নরসিংদীতে দিনমজুরকে গুলি করে হত্যা
পুলিশ জানায়, ঘটনার সময় আশপাশে কয়েকজন লোক থাকলেও ভয়ে কেউ এ বিষয়ে কথা বলতে চাইছেন না।
নরসিংদীর শিবপুর উপজেলায় এক দিনমজুরকে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি মো. কোহিনূর মিয়া।
নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি কাঠ কাটা ও রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে করে একদল লোক গ্রামে আসে। এ সময় সড়ক দিয়ে যাওয়ার পথে আলম মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ঘটনার সময় আশপাশে কয়েকজন লোক থাকলেও ভয়ে কেউ এ বিষয়ে কথা বলতে চাইছেন না।
নিহতের স্বজনরা জানান, ঘটনার আগের দিন সোমবার স্থানীয় একজন আলম মিয়াকে হত্যার হুমকি দিয়েছিলেন। তবে কী কারণে তাকে হুমকি দেওয়া হয়েছিল, তা তারা জানেন না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মো. কোহিনূর মিয়া বলেন, হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
