২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০ ফুট সড়কের সেই ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ

ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই, বলেছে ডিএমপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 10:13 PM

Updated : 24 Nov 2026, 10:13 PM

ঢাকার ৩০০ ফুট সড়কে ‘গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে। আসলে কী ঘটেছিল সেখানে?

পুলিশের তরফে দাবি করা হয়েছে, প্রচার হওয়া ভিডিওতে ‘ডাকাতির ঘটনা’ বলে যে বর্ণনা দেওয়া হয়েছে, তা সঠিক নয়।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, এ বিষয়ে সামাজিক মাধ্যমে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে’।

সেখানে বলা হয়, সম্প্রতি ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের ফেইসবুক পেইজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।

“তবে ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই। ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।”

ডিএমপির ওই বার্তায় বলা হয়েছে, প্রকৃত ঘটনা যাচাই না করে ‘চাঞ্চল্যকর শিরোনামে’ এ ধরনের সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

পাশাপাশি এমন প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে অনুরোধ করেছে পুলিশ।

সোমবার রাত থেকে ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, রাতের বেলা ৩০০ ফুটের একটি সড়কের একটি চেকপোস্টে কয়েকজন যুবক একটি কার আটক করার চেষ্টা করছিল। গাড়িটি না থামানোয় বাইরে থেকে তাদেরকে লাঠি দিয়ে ভাঙচুর করতে দেখা গেছে। একপর্যায়ে গাড়িটি চেকপোস্টে না থেমে চলে যায়।

যেটিকে ডাকাতি বলে প্রচার করা হলেও ‘বিভ্রান্তিকর’ বলছে পুলিশ।

যদিও ভিডিওটি কোন ঘটনার, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি ডিএমপির বার্তায়।

তবে যোগাযোগ করা হলে পুলিশের গুলশান বিভাগ থেকে ঘটনার ‘প্রকৃত কারণ’ ব্যাখ্যা করা হয়।

ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেছেন, ভিডিওর ঘটনাটি গেল বুধবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে। ভিন্ন একটি ঘটনাকে ডাকাতি বলে প্রচার করা হয়, যেটি ‘বিভ্রান্তিকর’।

তিনি বলেন, পরদিন বৃহস্পতিবার কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ছিল। আগের রাতে নাশকতা প্রতিরোধে নীলা মার্কেট সংলগ্ন এলাকায় রূপগঞ্জ থানা ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান নিয়েছিলেন।

পুলিশ কর্মকর্তা বলেছেন, নীলা মার্কেট চত্বরে একটি কার থেকে হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় অভিযোগ করে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ১০-১২টি বাইক নিয়ে সেটির পিছু নেয়। কারটি দ্রুতগতিতে ঢাকার দিকে আসতে থাকে। আর পেছন থেকে বাইকগুলো সেটিকে ধাওয়া করতে থাকে।

এক পর্যায়ে খিলক্ষেত থানা এলাকার ‘মস্তুল চেকপোস্টে’ কারটির গতি কমালে বাইকে থাকা নেতাকর্মীরা সেটি ‘ভাঙচুর করার চেষ্টা করে’, তখন কারটি চেকপোস্টের ব্যারিকেডকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে কুরাতলির দিকে চলে যায়।

কারটিকে নেতাকর্মীরা থামাতে পারেনি বলেও জানিয়েছে অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, যে ঘটনার একটি ভিডিও কিছু সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়া ‘চেকপোস্টে ডাকাতি হয়েছে মর্মে’ প্রচার করলে সেটি ভাইরাল হয়।