১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

এবার এজেআর কুরিয়ারের ৩ গাড়ি থামিয়ে ভাঙচুর

চাঁদার দাবিতে এজেআর কুরিয়ারে তিন সপ্তাহে ১৯ বার হামলা চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 06:47 PM

Updated : 15 Nov 2026, 06:47 PM

এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের তিনটি গাড়ি থামিয়ে একযোগে হামলা করা হয়েছে।

রোববার দুপুর পৌনে ২টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় হামলা চালানো হয় বলে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা হামলার কথা শুনেছি, বিষয়টি নিয়ে কাজ করছি।”

এর আগেও এজেআর কুরিয়ারের গাড়িতে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা হয়েছে। সবশেষ রোববারের ঘটনায়ও অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি।

এজেআর গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী বলেছেন, তাদের হাজারীবাগের গুদাম থেকে যাত্রাবাড়ী, গাজীপুর ও কেরাণীগঞ্জের উদ্দেশে পার্সেল নিয়ে একসঙ্গে তিনটি গাড়ি বের হয়েছিল। মোহাম্মদপুর বেড়িবাঁধ চৌরাস্তায় পুলিশ বক্সের কাছাকাছি গেলে অন্তত ২০ জন ইট হাতে পথ আটকে গাড়ি তিনটি ভাঙচুর করেন। এ সময় চালকদের মারধর করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

জয়ন্ত চৌধুরী বলেন, “গাড়িগুলো পার্সেল নিয়ে যাচ্ছিল। চলন্ত গাড়ি থামিয়ে ইট দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করেছে। চালকদের মারধর করে গালাগালি করেছে। তারা বলেছে বড় ভাইয়ের সঙ্গে কথা না বলে ওয়্যারহাউজ থেকে যেন কোনো গাড়ি না বের হয়।”

হামলার শিকার গাড়িগুলো এখন এজেআরের মোহাম্মদপুর কার্যালয়ে আছে।

ঢাকার হাজারীবাগে এজেআর কুরিয়ারের গুদাম ও মূল সরবরাহ কেন্দ্রে গত ২০ অক্টোবর হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সেদিন ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেলে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র ব্যক্তি হাজারীবাগে সেখানে মূল গুদাম ও কার্যালয়ে গিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।

‘ইমনের লোক’ পরিচয় দিয়ে তারা জায়গার ভাড়া বাবদ চাঁদা দাবি করেন। সেসময় সিসিটিভি ক্যামেরা, এনভিআর ও ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ ওঠে। এ ইমন হলেন পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমন।

পরবর্তীতে অন্তত ১৯ বার বিভিন্ন এলাকায় এজেআরের গাড়ি ও কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত সাতজন চালক ও কর্মী আহত হয়েছেন, কোথাও পুড়ে গেছে গ্রাহকদের পণ্যও। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

এর মধ্যেই রোববার প্রতিষ্ঠানটির তিন গাড়িতে ফের হামলা চালানো হল।

পুরনো খবর:

এজেআর কুরিয়ারে তিন সপ্তাহে ১৯ হামলা: নেপথ্যে ‘চাঁদাবাজি’, ধরা পড়েনি ‘হোতারা’