এজেআর কুরিয়ারে তিন সপ্তাহে ১৯ হামলা: নেপথ্যে ‘চাঁদাবাজি’, ধরা পড়েনি ‘হোতারা’
“আমরা তো ভাড়া জায়গার যে মালিক, তাকে দেব। আমরা তো আর অন্য কাউকে চিনি না,” বলেন জয়ন্ত চৌধুরী।
এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গুদাম, কার্যালয়, গাড়ি ও কর্মীদের ওপর ধারাবাহিক হামলার নেপথ্যের কারণ ‘চাঁদাবাজি’ বলেই মনে করছে পুলিশ।
ঢাকার হাজারীবাগে প্রতিষ্ঠানটির গুদাম ও মূল সরবরাহ কেন্দ্রে গত ২০ অক্টোবরের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হলেও ধরা পড়েননি ‘হোতারা’।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ বলছে, তারা চাঁদাবাজির বাইরে এখনো অন্য কোনো কারণ পাননি।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার মোটিভ চাঁদাবাজি, এরকমই মনে হচ্ছে।”
কোম্পানি প্রধান গুদাম ও কার্যালয়ে হামলার পর অন্তত আরও ১৮ বার বিভিন্ন এলাকায় তাদের গাড়ি ও কর্মীদের ওপর দফায় দফায় হামলা চালানো হয়। এতে অন্তত সাতজন চালক ও কর্মী আহত হয়েছেন, কোথাও পুড়ে গেছে গ্রাহকদের পণ্যও।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
চলন্ত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, মোটরসাইকেলে এসে পথরোধ করে চালককে মারধর এবং পেট্রল বোমা ও হাতবোমা ছুড়ে গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
হামলা ও হুমকির ঘটনায় বিভিন্ন থানায় সাতটি মামলা, চারটি সাধারণ ডায়েরি (জিডি) এবং চারটি লিখিত অভিযোগ করা হয়েছে।
কোম্পানির তরফেও ধারাবাহিক এই হামলার পেছনের কারণ ‘চাঁদাবাজি’ বলেই মনে করা হচ্ছে।
এজেআর গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার যে সূত্রপাত ওইটাই, চাঁদা দাবি করছিল আমাদের কর্মকর্তাদের কাছে। প্রথম হামলার পরের ঘটনাগুলোতে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।”
ক্রমাগত হামলার মুখে কোম্পানিতে কর্মরত অন্তত ৫ হাজার কর্মীর জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং তাদের পণ্য বিতরণ প্রক্রিয়া এখন ‘হুমকির মুখে’ বলে দাবি করেছেন এই কর্মকর্তা।
চাঁদা হিসেবে মাসিক ভাড়া চেয়ে হামলার শুরু
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক এই হামলার শুরু হয় গত ২০ অক্টোবর। সেদিন ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেলে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র ব্যক্তি হাজারীবাগে এজেআর কুরিয়ারের প্রধান গুদাম ও কার্যালয়ে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।
‘ইমনের লোক’ পরিচয় দিয়ে তারা জায়গার ভাড়া বাবদ চাঁদা দাবি করে। সে সময় সিসিটিভি ক্যামেরা, এনভিআর ও ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করা হয়।
এই ইমন হলেন-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ‘সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমন।
সে দিনের ঘট্নায় এজেআর কুরিয়ার সার্ভিসের ম্যানেজার আফসার উদ্দীনের করা মামলায় ইমনকে হুকুমদাতা হিসেবে রেখে নাম না জানা ৭০/৮০ জনকে আসামি করা হয়।
হাজারীবাগ থানায় মামলাটি করার পর মামলার বাদীকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সবশেষ বৃহস্পতিবার রাজধানী ও কেরাণীগঞ্জে প্রতিষ্ঠানটির তিনটি গাড়িতে হামলা চালানো হয়।
সে দিন ভোরে হাজারীবাগের শাহজাহান মার্কেটের সামনে রাখা একটি কাভার্ড ভ্যানের কেবিনে হাতবোমা নিক্ষেপ করে বাইকে আসা দুজন, এতে ভ্যানের কাচ ভেঙে যায়। নিরাপত্তাকর্মী ও পুলিশের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়।
রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীতে কোম্পানি কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বিশ্রাম নেওয়ার সময় চালকের ওপর হামলা হয়। এক্ষেত্রেও বাইকে আসা দুর্বৃত্তরা হেলমেট দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে দেয়। চালক নেমে দৌড়ে প্রাণ বাঁচান।
এরপর রাত সোয়া ৯টার দিকে কেরাণীগঞ্জে কোম্পানির কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে রাখা আরেকটি কাভার্ড ভ্যানে বাইকে আসা দুই ব্যক্তি হামলা চালিয়ে কেবিনের কাচ ভেঙে দেয়।
এজেআরের কর্মকর্তা জয়ন্ত চৌধুরী বলেছেন, এসব হামলায় তাদের অন্তত সাত জন কর্মী আহত হয়েছেন। মিরপুরে পেট্রোল বোমায় দগ্ধ এক কর্মী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জায়গার ভাড়া কত?
এজেআর কুরিয়ারের হাজারীবাগের গুদাম ও কার্যালয়টি যে জায়গায় রয়েছে, সেটির মালিক পারভীন হক শিকদার। তিনি আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারের বোন ও সাবেক সংসদ সদস্য।
তার কাছ থেকে মাসিক ৪ লাখ টাকায় ভাড়া নিয়ে এজেআর কুরিয়ার সার্ভিস তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
জয়ন্ত চৌধুরী বলেন, হামলাকারীরা এখন থেকে ভাড়া তাদেরকে দিতে বলেছে, ইমনের নাম বলেছে।
“আমরা তো ভাড়া জায়গার যে মালিক, তাকে দেব। আমরা তো আর অন্য কাউকে চিনি না। আর অন্য কেউ দাবি করলেও দিতে পারি না।”
এখনো ভাড়া নিয়মিত দিয়ে যাচ্ছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “আমাদের ভাড়ার বিষয়টা ক্লিয়ার, ওটা কোন ইস্যু না। আমাদের সাথে জমির মালিকদের কোনো ধরনের দ্বন্দ্ব নাই অথবা কোন ধরনের সমস্যাও নাই।”
এ বিষয়টি জমির মালিককে জানানো হয়েছিল দাবি করে তিনি বলেন, “ওনাদেরকে জানানোর পরে ওনারা বলছেন, ‘আমাদের সাথে তাদেরতো কোন সমস্যা নাই’।”
‘হোতারা’ অধরা
হামলার সঙ্গে ইমনের যোগসূত্র পাওয়া গেছে কি-না জানতে চাইলে হাজারীবাগ থানায় মামলার তদন্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, গ্রেপ্তাররা এখনো তেমন কোনোকিছু সরাসরি বলেনি।
তবে বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার ১২ জনের সবাই নিজেদের ‘ভাড়াটিয়া’ বলে দাবি করেছেন, বলেন হাজারীবাগ থানার ওসি মো. মোশাররফ হোসেন।
তিনি বলেন, “গ্রেপ্তার ১১ জন ছিল, শুক্রবার আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদের যারা অর্গানাইজ করতেছিল তারা ওদেরকে ৫০০-৭০০ করে টাকা দিয়েছে, ওরা গেছে।”
হামলার ‘হোতাদের’ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, তাদেরকে গ্রেপ্তারে পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবির তরফেও চেষ্টা চলছে।
তবে মামলাটি ইতোমধ্যে ডিবিতে হস্তান্তরের নির্দেশনা এসেছে জানিয়ে ওসি মোশাররফ হোসেন বলেন, “মামলাটা অলরেডি ডিবিতে চলে গেছে। আমরা কাগজপত্র হ্যান্ডওভার করে দেব, তারাই এখন থেকে বিষয়টি তদন্ত করবে।”
