১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

এজেআর ‍কুরিয়ারের গাড়িতে হামলা: সাবেক ছাত্রদল নেতা রানা কারাগারে

মোটরসাইকেলে দুই ডজন ব্যক্তি এসে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গাড়িতে হামলা ও বোমা ফাটিয়ে আগুন ধরিয়ে দেয়, অভিযোগ করা হয়েছে মামলায়।

এজেআর ‍কুরিয়ারের গাড়িতে হামলা: সাবেক ছাত্রদল নেতা রানা কারাগারে

সজীব আহমেদ রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 10:30 PM

Updated : 15 Nov 2026, 10:30 PM

এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মোহাম্মদপুর থানার মামলায় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ রানাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানিয়েছেন।

আদাবর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় ডিবির একটি দল সজীব আহমেদ রানাকে হেফাজতে নেয়।

এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের ইন্সপেক্টর বাহালুল খান।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বলেন, আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিনের বিষয়ে শুনানির দিন রেখেছে।

মামলার বিবরণে বলা হয়, এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে দীর্ঘদিন ধরে ‘ক্যাপ্টেন ইমনের নামে’ সাইফুল ও জুয়েল ‘সন্ত্রাসী চক্র’ চাঁদা আদায়ে বিভিন্নভাবে ক্ষতিসাধন, ভাঙচুর, চুরি, লুট, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা ও হত্যাচেষ্টা করে আসছিল। এজেআর কুরিয়ারের গাড়ি মতিঝিল শাখা থেকে গত ৫ নভেম্বর জরুরি পার্সেল ও ডাক ডকুমেন্টস নিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে ২৪/২৬ জন মোটরসাইকেলে এসে গতিরোধ করে। তারা ইট, রড ও পাথর দিয়ে গাড়ির গ্লাস ভাঙতে থাকেন। তখন চালক রিপন মিয়া গাড়ি থেকে নিচে নামলে তাকে মারধর করা হয়। হামলা থেকে বাঁচতে তিনি পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে হামলাকারীরা গাড়িতে ককটেল ও পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। এতে বিভিন্ন পণ্য সামগ্রী পুড়ে ১ কোটি টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় গত ৭ নভেম্বর কুরিয়ার সার্ভিসটির গাড়িচালক রিপন মিয়া মোহাম্মদপুর থানায় মারধরসহ বিস্ফোরক আইনে মামলা করেন।

পুরনো খবর:

‘চাঁদাবাজির অভিযোগ’, ছাত্রদলের সাবেক নেতা ডিবি হেফাজতে
এজেআর কুরিয়ারের পণ্যাগারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১১
মোটরবাইকে এসে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, চালককে মারধর
এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না হলে ‘লাশ ফেলে’ দেওয়ার হুমকি