২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না হলে ‘লাশ ফেলে’ দেওয়ার হুমকি

ওসি বলেন, “হুমকিদাতা ফোনটি কোথা থেকে করেছে- সব বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না হলে ‘লাশ ফেলে’ দেওয়ার হুমকি

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 02:10 AM

Updated : 24 Oct 2026, 02:10 AM

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় করা মামলার বাদীকে ফোনে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে কুরিয়ার সার্ভিস কোম্পানিটির ব্যবস্থাপক আফসার উদ্দীনকে পরিচয় না দিয়ে এক ব্যক্তি এমন হুমকি দেয় বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন।

ওসি বলেন, “আমি বাদীর সাথে কথা বলেছি। বাদী হুমকিদাতার সাথে কথোপকথনের অডিও পাঠিয়েছে। সেটি যাচাই করা হচ্ছে। হুমকিদাতা ফোনটি কোথা থেকে করেছে- সব বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”

এ হুমকির বিষয়ে মামলার বাদীকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজ সংলগ্ন এজেআর কুরিয়ার সার্ভিস কার্যালয়ে এবং গুদামে ৭০-৮০ জনের একটি দল মোটরসাইকেলে এসে হামলা, ভাঙচুর ও ‘লুটপাট’ চালায়। হামলাকারীরা ল্যাপটপ, সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র (ডিভিআর) নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

পুলিশের তালিকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের নামে ভাড়া দাবি করা হয়।

শুক্রবার বাদী দেওয়া হুমকির অডিওতে শোনা যায়, হুমকি দেওয়া ব্যক্তি সালাম দিয়ে বাদী আফসারকে বলেন, “ভাই মামলার বাদী যে হলেন আপনার নিজের মামলার বাদী কে হবেন। এসময় বাদী বলেন, কোনটা ভাই। জবাবে হুমকিদাতা বলেন, কোনটা আপনি বোঝেন না।”

এসময় ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালাগাল করেন। বলেন, “কালকের (শনিবার) মধ্যে যোগাযোগ করার ব্যবস্থা করা না হলে লাশ পড়ে থাকবে।”

পরে বাদী পরিচয় জানতে চাইলে ‘তোর বাপ বলছি’ বলে আবারও গালাগারি করেন। তাকে বলতে শোনা যায়, “কালকের দিন সময় দিলাম তোর বাপের সাথে কথা বলে ঝামেলা শেষ করতে বল। না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।”

ব্যবস্থাপক আফসার আবার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, “নাম পরিচয় জানোস না কেডা ফোন দিতে পারে।”

এসময় বাদী নিজে এ প্রতিষ্ঠানের মালিক না জানালে ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, “মালিক না তো- বাদী হইছোস কেমনে।”

এ ফোনকলের পর ওসি বলেন, বিষয়টিকেও গুরুত্ব দিয়ে মামলার সঙ্গে এটিকেও তদন্তের আওতায় আনা হচ্ছে।

ওসি এর আগে ঘটনার হুকুমদাতা হিসেবে ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমন কাজ করেছেন বলে বলেছিলেন।

হামলার সময় তারা নিজেদের ‘ক্যাপ্টেন ইমনের’ লোক পরিচয় দেয় এবং ভাড়া তাদের দিতে বলে।

মামলায় এর আগে সাইফুল নামে এক ব্যক্তি নিজেকে ক্যাপ্টেন ইমনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবির পাশাপাশি ওই কুরিয়ার সার্ভিসের কর্মচারী কর্মকর্তাদের হুমকি দিয়ে আসছিল বলে বলা হয়।

এ ঘটনায় পুলিশ এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে।

‘শীর্ষ সন্ত্রাসী’ ইমন ‘হুকুমদাতা’, কুরিয়ার সার্ভিসের গুদামে হামলার ঘটনায় মামলা

কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট, ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমনের নামে ভাড়া দাবি