নেত্রকোণায় শিশু হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির অভিযোগ
৬ মে সকালে কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রামের ধানক্ষেত থেকে মুখ গামছা দিয়ে বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নেত্রকোণার কলমাকান্দায় পাঁচ বছরের শিশু জান্নাতুল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি জামিনে মুক্ত হয়ে তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও শিশুটির বাবা আর্শাদ মিয়া।
একই সঙ্গে মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রোববার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
এ সময় শিশুটির মা ইয়াসমীন আক্তার, পরিবারের সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জান্নাতুলের বাড়ি উপজেলার সনুড়া জসিউড়া গ্রামে। গত ৪ মে বিকালে সে নিখোঁজ হয়। দুদিন পর ৬ মে সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রামের ধানক্ষেত থেকে মুখ গামছা দিয়ে বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ওই দিনই তার বাবা অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন।
রোববার সংবাদ সম্মেলনে আর্শাদ মিয়া বলেন, জান্নাতুল হত্যা মামলায় আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারা প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও অভিযোগ করেন, মামলার পর দীর্ঘ সময় পার হলেও তদন্তকাজে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন।
সংবাদ সম্মেলনে শিশু জান্নাতুল হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
পাশাপাশি মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
