নেত্রকোণায় শিশুর লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ
ধর্ষণসহ সব ধরনের বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুদিন পর ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞসাবাদ করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান।
নিহত শিশু জান্নাতুল সনুড়া জসিউড়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে।
যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি পুলিশ।
পরিবারের বরাতে পুলিশ জানায়, সোমবার বিকালে শিশুটি নিখোঁজ হয়। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তাকে পায়নি। মঙ্গলবার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।
ওসি সিদ্দিক বলেন, মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “শিশুটিকে হত্যা করা হয়েছে এটা অনেকটাই স্পষ্ট। তবে ঠিক কেন এই হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত করে জানা যাবে। ধর্ষণসহ সব ধরনের বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
