লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নছিমন-বাইক খাদে পড়ে নিহত ২
এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেল সড়কের পাশের খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।
রোববার সকালের দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং একই উপজেলার কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।
পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি রেজাউল ইসলাম বলেন, রোববার সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হকের মৃত্যু হয় এবং একটি গরু মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি রেজাউল।
