রাজস্থানে বাস উল্টে খাদে, নিহত ৮
বাসটিতে মোট ২১ যাত্রী ছিলেন।
ভারতের রাজস্থানের কোটায় যাত্রীবাহী বাস উল্টে পাশের খাদে পড়ে আটজন নিহত হয়েছেন।
শনিবার দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে শিশু, বয়ষ্ক ব্যক্তি মিলে ২১ জন যাত্রী ছিলেন।
ইন্ডিয়া টুডে লিখেছে, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি; এ বিষয়ে তদন্ত চলছে।
কোটার জেলা প্রশাসক পীযূষ সামারিয়া আটজনের মৃত্যুর কথা জানিয়েছেন।
তিনি জানান, আহত সব যাত্রীকে উদ্ধার করে স্থানীয় এমবিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান জেলা প্রশাসক। সেখানে তিনি চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
