প্রযুক্তি সেবায় বিপর্যয় কেবল কলির সন্ধ্যা, বড় বিপদ সামনে
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি সাইবার নিরাপত্তার চিত্র আমূল বদলে দিয়েছে। এর ফলে ডিজিটাল ব্যবস্থার এমন সব দুর্বলতা সামনে আসছে, যেগুলো বছরের পর বছর অজানা থেকে গেছে।
কম্পিউটার সফটওয়্যার যেন তাসের ঘরের মতো। সামান্য একটি ত্রুটিতেই ভেঙে পড়তে পারে গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিতে পুরোনো সফটওয়্যারের এমন দুর্বলতাগুলো আরও সহজে সামনে আসছে। ফলে আগামী দিনে প্রযুক্তি বিপর্যয় আরও ঘন ঘন ঘটতে পারে বলে সতর্ক করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
এর একটি উদাহরণ সম্প্রতি সামনে এনেছেন সাইবার নিরাপত্তা গবেষক পলস ইয়েবেলো। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনি এমন একটি সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন, যা ইন্টারনেটজুড়ে বিভিন্ন সেবা ও কোম্পানি ব্যবহার করে।
‘আপলোড টু শেল’ নামের এই ত্রুটি কাজে লাগিয়ে কোনো হ্যাকার শুধু একটি ফাইল আপলোড করেই গুগল, জুমসহ হাজারো কোম্পানির সফটওয়্যারে অনুপ্রবেশের সুযোগ পেতে পারতেন।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ইয়েবেলো সম্প্রতি পিডব্লিউএন এআই নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন অনলাইন সেবায় ব্যবহারকারীরা ফাইল আপলোড করলে পর্দার আড়ালে কী ঘটে, তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে খুঁটিয়ে পরীক্ষা করে তিনি এই দুর্বলতা শনাক্ত করেন।
তার অনুসন্ধানে দেখা গেছে, গাউস্টস্ক্রিপ্ট নামের একটি সফটওয়্যার ব্যবহার করে সাইবার হামলা চালানো সম্ভব। প্রায় ৩৮ বছর আগে তৈরি এই সফটওয়্যার মূলত ছবি এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তরের কাজে ব্যবহৃত হয়।
বিশেষভাবে তৈরি ফন্ট যুক্ত ফাইল আপলোডের মাধ্যমে সফটওয়্যারটির দুর্বলতা কাজে লাগিয়ে ক্ষতিকর কম্পিউটার কোড চালানোর সুযোগ তৈরি হতে পারে। বিষয়টি ইয়েবেলো গাউস্টস্ক্রিপ্টের নির্মাতা আর্টিফেক্স এবং আক্রান্ত কোম্পানিগুলোকে জানান। পরে তারা নিরাপত্তা ত্রুটি দূর করতে সফটওয়্যারের প্যাচ বা সংশোধনী প্রকাশ করেছে।
বিশেষজ্ঞদের মতে, কয়েক মাসের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি সাইবার নিরাপত্তার চিত্র আমূল বদলে দিয়েছে। এর ফলে ডিজিটাল ব্যবস্থার এমন সব দুর্বলতা সামনে আসছে, যেগুলো বছরের পর বছর অজানা থেকে গেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা, নিরাপত্তা প্রকৌশলী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এর পরিণতিতে বড় ধরনের প্রযুক্তি বিপর্যয় আগের তুলনায় অনেক বেশি ঘটতে পারে।
এর প্রভাব এরইমধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে। কোথাও ইমেইল সেবা বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি আরও জটিল করে তুলছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব। যুক্তরাষ্ট্রে ব্যাপক ইন্টারনেট বিপর্যয় ঘটেছে এবং ব্যাংকিং ব্যবস্থা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোও এর আওতায় পড়তে পারে, এমন আশঙ্কাও ছড়িয়েছে।
তবে সাম্প্রতিক সব প্রযুক্তি বিভ্রাটের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সরাসরি সম্পর্ক নেই। সাধারণ মানুষের পক্ষে কোনো সেবা বন্ধ হওয়ার পেছনে সাইবার হামলা রয়েছে, নাকি পুরোনো সফটওয়্যারের ত্রুটি, তা বোঝাও কঠিন। এমনকি ব্যাংক বা আর্থিক সেবায় সাইবার হামলা হলে ব্যক্তিগত অবসরকালীন সঞ্চয়ও ঝুঁকিতে পড়তে পারে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তি বিভ্রাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্যাংকের লেনদেন ধীর হয়ে যাওয়া, মাইক্রোসফটের বিভিন্ন পণ্য ব্যবহারে সমস্যা, অ্যাপলের সেবা বিঘ্নিত হওয়া এবং জাতীয় নিরাপত্তা সংস্থার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা রয়েছে। এ ছাড়া দেশটিতে সব বাণিজ্যিক উড়োজাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
তবে এসব ঘটনার পেছনে সাইবার হামলা ছিল, এমন কোনো প্রমাণ পাওয়ার কথা জানাননি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, জাতীয় পর্যায়ে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনা ছাড়া অন্য কয়েকটি বিভ্রাটের পেছনে অপেক্ষাকৃত সাধারণ কারণ থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন নিরাপত্তা দুর্বলতা ঠেকাতে বিভিন্ন কোম্পানি ও সরকারি সংস্থা নিজেদের ডিজিটাল ব্যবস্থা আরও সুরক্ষিত করার চেষ্টা করছে। এ জন্য সফটওয়্যারে বিভিন্ন সংশোধনী বা প্যাচও আসছে। কিন্তু এসব পরিবর্তন কার্যকর করতে গিয়ে উল্টো নতুন সমস্যা তৈরি হচ্ছে, যার কারণে কিছু সেবা সাময়িকভাবে বন্ধও হয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, কয়েক দশক ধরে জমে থাকা সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে একদিকে সাইবার নিরাপত্তা জোরদারের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে দুর্বলতা খুঁজে বের করার একই প্রযুক্তি সাইবার অপরাধীদের হাতেও বিপজ্জনক অস্ত্র হয়ে উঠতে পারে।
