সিআইইউতে হয়ে গেল ‘এসএসই ডে’
এ আয়োজনের প্রথম পর্বে ছিল ইন্ডাস্ট্রি ও ক্যারিয়ার টক।
শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) হয়ে গেল ‘স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) ডে’।
বৃহস্পতিবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ইন্ডাস্ট্রি ও ক্যারিয়ার টক। আয়োজনের শেষ পর্বে গান, নাচ ও নাটক পরিবেশন করেন শিক্ষার্থীরা।
প্রথমপর্বে বক্তব্য দেন গ্রিন জেডএমের চিফ কনসালট্যান্ট অ্যান্ড পার্টনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনজুর আলম এবং বিকাশের প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি ডিভিশনের সলিউশন আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার অজয় কর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, প্রযুক্তির অগ্রগতি এবং শিল্প খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তাদের বক্তব্য শিক্ষার্থীদের বাস্তব কর্মজগৎ সম্পর্কে ধারণা লাভ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে অনুপ্রাণিত করে।
ক্যারিয়ার টক পর্বে বক্তব্য দেন ডেটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ এবং হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মিজানুর রহমান।
তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মক্ষেত্রের প্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং চাকরির বাজারের বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আসিফ ইকবাল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল করিম, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মানযারে খুরশেদ আলম।
