২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় মাসের মেয়েকে দেখতে দেশে এসে ডেঙ্গুতে মারা গেলেন প্রকৌশলী

পারভেজ চার-পাঁচদিন আগে জ্বরে আক্রান্ত হন।

নয় মাসের মেয়েকে দেখতে দেশে এসে ডেঙ্গুতে মারা গেলেন প্রকৌশলী

নয় মাস বয়সী কন্যা সন্তানকে দেখতে ছুটি নিয়ে দেশে এসেছিলেন প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে তিনি মারা যান। ছবি- সংগৃহীত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 02:09 PM

Updated : 22 Nov 2026, 02:09 PM

নয় মাসের কন্যাকে দেখতে ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ। এর মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়ার নুর হোসেন সওদাগর বাড়ির বাসিন্দা আহম্মদ নবীর বড় ছেলে ৩৪ বছর বয়সি নেজাম উদ্দিন পারভেজ।

নগরীর একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বন্ধু মো. সাইফুদ্দিন

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক মাস আগে ছুটিতে দেশে এসেছিল পারভেজ। মেয়েকে দেখতে দুই মাসের ছুটি নিয়ে দেশে আসা তার। মেয়ের বয়স মাত্র নয় মাস। দেশে এসে প্রথমবারের মত সে সামনাসামনি মেয়েকে দেখেছিল।

“পারভেজ দুই বছর আগে একবার দেশ ফিরে বিয়ে করেছিল। তখন তিন মাস থেকে আবার কাতারে চলে যায়।”

চার-পাঁচদিন আগে পারভেজ জ্বরে আক্রান্ত হন জানিয়ে মো. সাইফুদ্দিন বলেন, শুরুতে এলাকায় চিকিৎসা করেছিল। পরে জ্বর না কমায় চট্টগ্রাম শহরের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার ডেঙ্গু শনাক্ত হয়। শুক্রবার রাতে ওই হাসপাতালের আইসিইউতে মারা যায় পারভেজ।

দুই ভাই ও এক বোনের মধ্যে পারভেজ ছিলেন সবার বড়। তার ছোট ভাইও প্রবাসী।

২০১৮ সালে কাতারে যান পারভেজ।

তার বাবা আহম্মদ নবী বলেন, “মেয়েকে দেখতে চাওয়ায় ওর মা ছেলেকে দেশে আসতে বলেছিল। পাঁচদিনের জ্বরে আমার ছেলেটা চলে গেল। ওর মা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। বারবার বলছে, ছেলেকে ছাড়া আমি কিভাবে থাকব।”

শনিবার জানাজা শেষে গ্রামের বাড়ি বোয়ালখালীর বাংলা পাড়ায় কবরস্থানে পারভেজের দাফন সম্পন্ন হয়।