১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে যুবককে ‘পিটিয়ে হত্যা’, মাঠে লাশ ফেলে পালানোর সময় ধরে ফেলে জনতা

সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানা সংলগ্ন মাঠে মারধর করে মুসা ও তার ছেলেরা।

চট্টগ্রামে যুবককে ‘পিটিয়ে হত্যা’, মাঠে লাশ ফেলে পালানোর সময় ধরে ফেলে জনতা

মোবারক ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 04:23 PM

Updated : 13 Nov 2026, 04:23 PM

বাই সাইকেল ‘চুরির’ অভিযোগে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এক যুবককে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে।

পুলিশ বলছে, বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গার চরপাড়ার একটি মাঠে ২২ বছর বয়সি মোবারক ইসলামকে লাঠি ও বাঁশ দিয়ে পেটায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুসা ও তার ছেলেরা।

নিহত মোবারক আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। তারা পতেঙ্গা থানার চরপাড়া এলাকার বাসিন্দা। বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করত মোবারক।

এই ঘটনায় গ্রেপ্তার ৬৫ বছর বয়সি মোহাম্মদ মুসা স্থানীয় এভারগ্রিন কটন কারখানা নামের একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার পদে চাকরি করেন।

পতেঙ্গা থানার ওসি পারভেজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে মুসার ছেলেদের একটি বাই সাইকেল চুরি হয়। সেই সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানা সংলগ্ন মাঠে মারধর করে মুসা ও তার ছেলেরা।

“পরে মোবারককে সেখানে নির্মাণ সামগ্রী রাখার একটি স্টোরে নিয়ে আটকে আবার মারধর করা হয়। পরে এক পর্যায়ে মোবারক অচেতন হয়ে গেলে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার যখন জানায়, মোবারক মারা গেছে তাকে আবার মাঠে এনে ফেলে পালিয়ে যাচ্ছিল মুসা ও তার সঙ্গে থাকা লোকজন।”

“তখন স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটকে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি।”

এই ঘটনায় নিহত মোবারকের বাবা মুসাসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

ঘটনার পর পালিয়ে যাওয়া মুসার দুই ছেলেসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে ওসি পারভেজ আলী জানিয়েছেন।