চট্টগ্রামে যুবককে ‘পিটিয়ে হত্যা’, মুছার এক ছেলে গ্রেপ্তার
নাছিরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করেছে এসআরবি।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় বাইসাইকেল চোর সন্দেহে যুবক মোবারক ইসলাম হত্যার ঘটনায় স্থানীয়দের হাতে আটক মোহাম্মদ মুসার এক ছেলেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছুরি এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি) ২২ বছর বয়সি মো. নাছিরকে গ্রেপ্তার করে।
শনিবার দুপুরে এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি-৭ জানায়, মোবারক ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে আসামি মো. নাছিরেরর অবস্থান সম্পর্কে তারা তথ্য পায়।
এর ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টায় এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকায় অভিযান চালায়। গ্রেপ্তার নাছিরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাইসাইকেল চুরির অভিযোগে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকার একটি মাঠে ডেকে নিয়ে ২২ বছর বয়সি মোবারক ইসলামকে বৃহস্পতিবার বিকালে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুসা ও তার ছেলেরা এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছিল পুলিশ।
প্রথম দফা মারধরের পর স্থানীয় একটি নির্মাণ সামগ্রি রাখার স্টোরে মোবারককে আটকে রাখা হয়। সেখানেও তাকে মারা হয়। তারপর অচেতন হয়ে পড়লে স্থানীয় এক চিকিৎসকের কাছে মোবারককে নিয়ে যায় মুসা ও তার ছেলেরা।
চিকিৎসক যখন জানান, মোবারক মারা গেছে; তখন আবার চরপাড়ার ওই মাঠে এনে তাকে ফেলে পালানোর সময় মোহাম্মদ মুসাকে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয়রা।
নিহত মোবারক ইসলাম স্থানীয় আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। তারা পতেঙ্গা থানার চরপাড়া এলাকার বাসিন্দা। বাবার চায়ের দোকানে সহযোগিতা করত মোবারক।
এ ঘটনায় গ্রেপ্তার ৬৫ বছর বয়সি মোহাম্মদ মুসা স্থানীয় এভারগ্রিন কটন কারখানা নামের একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার পদে চাকরি করেন।
পতেঙ্গা থানার ওসি পারভেজ আলী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “কয়েকদিন আগে মুসার ছেলেদের একটি বাইসাইকেল চুরি হয়। সেই সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানা সংলগ্ন মাঠে মারধর করে মুসা ও তার ছেলেরা।
“পরে মোবারককে সেখানে নির্মাণ সামগ্রী রাখার একটি স্টোরে নিয়ে আটকে আবার মারধর করা হয়। একপর্যায়ে মোবারক অচেতন হয়ে গেলে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার যখন জানায়, মোবারক মারা গেছে তাকে আবার মাঠে এনে ফেলে পালিয়ে যাচ্ছিল মুসা ও তার সঙ্গে থাকা লোকজন।”
ওসি পারভেজ আলী জানান, “তখন স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটকে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি।”
এ ঘটনায় নিহত মোবারকের বাবা বাদী হয়ে থানায় মুসাসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেন।
